নানামুখী অস্থিরতা তৈরির চেষ্টা

Shahrier Islam Pallab
মোস্তাফিজুর রহমান বিপ্লব
প্রকাশিত: ১০:৫০ অপরাহ্ন, ১০ নভেম্বর ২০২৬ | আপডেট: ৩:৫৩ পূর্বাহ্ন, ১১ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দুই-তৃতীয়াংশ আসনে বিজয়ী বিএনপি সরকারকে মাত্র নয় মাসের মধ্যে নানামুখী অস্থিরতা তৈরি করে অকার্যকর করার অভিযোগ উঠেছে। পরিকল্পিতভাবে দেশি-বিদেশি ইন্ধনে নানা ইস্যুতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটিয়ে নানামুখী ছক আঁটছে কুশীলবরা। আন্দোলনের মৌসুম ডিসেম্বরকে ঘিরে নাশকতার মাধ্যমে ভয়ংকর পরিস্থিতি তৈরির চেষ্টা। এই পরিস্থিতিতে সরকারও কোথাও কঠোর, কোথাও আলোচনার কৌশল নিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। ককটেল, অগ্নিসংযোগ, চোরাগোপ্তা হামলার পাশাপাশি রাজনৈতিক পটপরিবর্তনে ভূমিকা রাখা ছাত্র, শ্রমিক, হকার, অটোরিকশাচালক, শিক্ষক ও নিম্ন আয়ের মানুষকে মাঠে নামতে উসকানি দিচ্ছে।

সংসদে বিরোধী দলগুলোর সমালোচনা, জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার নিয়ে মতপার্থক্য, রাজপথে রাজনৈতিক কর্মসূচি, পোশাকশ্রমিকদের আন্দোলন, শিক্ষাঙ্গনে বিক্ষোভ এবং রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের মতো পরিস্থিতি সামাল দিতে হচ্ছে। ইতিমধ্যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, কর্মসংস্থানের সংকট ও অর্থনৈতিক চাপ এবং রাজনৈতিক অস্থিরতা, প্রশাসনিক জটিলতা এবং জনমনে প্রত্যাশার চাপ—সব মিলিয়ে কঠিন সময় পার করছে বিএনপির নেতৃত্বাধীন সরকার। জানা গেছে, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন দলটির অভ্যন্তরীণ কোন্দল, নেতাকর্মীদের বিরুদ্ধে নানা অভিযোগ এবং বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা। বিশেষ করে নভেম্বরের শুরু থেকে রাজধানী ও আশপাশের শিল্পাঞ্চলে একের পর এক সহিংসতার ঘটনায় জননিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে ৭ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করে এর দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সব মিলিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, ক্ষমতায় আসার আট মাসের মাথায় বিএনপি সরকার কি বহুমুখী চাপে পড়েছে।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীলতা সৃষ্টির ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন ও সংবিধান সংস্কারের প্রক্রিয়া নিয়ে বিএনপি এবং বিরোধী দলগুলোর মধ্যে মতপার্থক্য এখনো কাটেনি। বিএনপির বক্তব্য, সনদের যেসব বিষয়ে বিভিন্ন দলের ভিন্নমত রয়েছে, সেগুলো সংসদে আলোচনার মাধ্যমে সমাধান করা উচিত। অন্যদিকে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে সংস্কার বাস্তবায়নে কার্যকর উদ্যোগ এবং বিরোধীদের প্রস্তাবের প্রতিফলনের দাবি উঠেছে। গত ১ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে অস্বীকার করে না, জাতীয় সনদ বাস্তবায়নেরও বিরোধী নয়। তবে সনদে বিভিন্ন দলের নোট অব ডিসেন্ট রয়েছে। এসব বিষয়ে রাজপথের কর্মসূচির পরিবর্তে সংসদে আলোচনা হওয়া উচিত। বিরোধী দলগুলোর বক্তব্য, সংসদে আলোচনার পাশাপাশি রাজপথে কর্মসূচি পালনও তাদের গণতান্ত্রিক অধিকার। ফলে সংসদীয় বিতর্কের বাইরে রাজপথেও বিরোধীদের মোকাবিলা করতে হচ্ছে সরকারকে।

বিএনপি সরকারের জন্য তাৎক্ষণিক চ্যালেঞ্জগুলোর একটি হয়ে উঠেছে পোশাকশ্রমিকদের আন্দোলন। ন্যূনতম মাসিক মজুরি ১২ হাজার ৫০০ থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে ১ নভেম্বর থেকে মিরপুর, গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ বিভিন্ন শিল্পাঞ্চলে বিক্ষোভ শুরু হয়। আন্দোলনের একপর্যায়ে সড়ক অবরোধ, পুলিশের সঙ্গে সংঘর্ষ, কারখানা ও যানবাহনে ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়। শতাধিক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করতে হয়। বিজিএমইএর হিসাবে, ১ নভেম্বর চারটি শিল্পাঞ্চলের ৫২৯টি কারখানায় কার্যক্রম বিঘ্নিত হয়। কর্মস্থল ছাড়েন প্রায় ৯ লাখ ৮৭ হাজার শ্রমিক। আন্দোলনের পেছনে রাজনৈতিক ইন্ধনের অভিযোগ তুলেছে সরকার। ২ নভেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের সময় সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে থাকা কয়েকজনের সঙ্গে সংশ্লিষ্ট শিল্পোদ্যোক্তারা শ্রমিক অসন্তোষ উসকে দেওয়ার পেছনে রয়েছেন বলে সরকারের কাছে তথ্য রয়েছে।

আরও পড়ুন: জলবায়ু সম্মেলনে যোগ দিতে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও অভিযোগ করেন, পরাজিত রাজনৈতিক শক্তি শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি ব্যবহার করে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। তবে শ্রমিকরা রাজনৈতিক ইন্ধনের অভিযোগ প্রত্যাখ্যান করে দ্রব্যমূল্য, বাড়িভাড়া ও জীবনযাত্রার ব্যয়বৃদ্ধিকে আন্দোলনের কারণ হিসেবে উল্লেখ করেন। শ্রমিক অসন্তোষ নিরসনে সরকার ছয় সদস্যের নিম্নতম মজুরি বোর্ড গঠন করেছে। শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী জানিয়েছেন, নতুন মজুরি কাঠামো ২০২৬ সালের ডিসেম্বর থেকে কার্যকর এবং ২০২৭ সালের জানুয়ারি থেকে নতুন হারে বেতন দেওয়ার পরিকল্পনা রয়েছে। তবে মজুরির পরিমাণ এখনো চূড়ান্ত হয়নি। বাংলাদেশের রপ্তানি আয়ের ৮০ শতাংশের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে। প্রায় ৪০ লাখ শ্রমিকের কর্মসংস্থানের সঙ্গে যুক্ত এ খাতে দীর্ঘস্থায়ী অস্থিরতা তৈরি হলে উৎপাদন, রপ্তানি আদেশ ও আন্তর্জাতিক ক্রেতাদের আস্থায় প্রভাব পড়তে পারে। ফলে শ্রমিক অসন্তোষ এখন সরকারের অর্থনৈতিক ব্যবস্থাপনারও বড় পরীক্ষা।

শ্রমিক আন্দোলনের পাশাপাশি রাজধানীতে অস্বস্তি তৈরি করেছে সরকারি কলেজ অব অ্যাপ্লায়েড হিউম্যান সায়েন্সের (সাবেক হোম ইকোনমিকস কলেজ) শিক্ষার্থীদের বিক্ষোভ। ৫ নভেম্বর অধ্যক্ষ অধ্যাপক ড. মেহেরুন্নেছার পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ, একটি বিদায় অনুষ্ঠান নির্ধারিত সময়ের পর চলায় দুই শিক্ষার্থীর আবাসিক হলের আসন বাতিল করা হয়। পরে আসন ফিরিয়ে দেওয়ার শর্ত হিসেবে এক রাতের এসি ও বিদ্যুৎ বিল বাবদ ১২ হাজার ৬০০ টাকা জরিমানা করেন অধ্যক্ষ। এর প্রতিবাদে শিক্ষার্থীরা অবস্থান নেন এবং একপর্যায়ে অধ্যক্ষকে কার্যালয়ে অবরুদ্ধ করেন। পরে মধ্যরাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অধ্যক্ষকে ক্যাম্পাস থেকে বের করে নিয়ে যান। এ সময় পুলিশি লাঠিচার্জ ও শিক্ষার্থীদের হেনস্তার অভিযোগ ওঠে। পরদিনও সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তাঁরা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অধ্যক্ষের পদত্যাগ এবং দায়ীদের বিচারের দাবি জানান। তবে অধ্যক্ষের বক্তব্য, শৃঙ্খলা বজায় রাখতেই তিনি ব্যবস্থা নিয়েছিলেন। একটি শিক্ষাপ্রতিষ্ঠানের অভ্যন্তরীণ বিরোধ কীভাবে মধ্যরাতে পুলিশি পরিস্থিতিতে রূপ নিল, তা নিয়ে সরকারের প্রশাসনিক ভূমিকা ও জবাবদিহির প্রশ্ন উঠেছে।

বিশ্লেষকদের মতে, সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো জনগণের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে সমন্বয় করা। শুধু আশ্বাস বা পরিকল্পনা নয়, বাস্তবসম্মত ও দৃশ্যমান পদক্ষেপের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করতে হবে। একই সঙ্গে রাজনৈতিক পক্ষগুলোর সঙ্গে সংলাপ, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি এবং দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ জরুরি। সব মিলিয়ে, সরকার এখন একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের সক্ষমতা, রাজনৈতিক সদিচ্ছা এবং কার্যকর সিদ্ধান্ত গ্রহণই আগামী দিনের পরিস্থিতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলেই সরকারের জন্য আস্থা ও স্থিতিশীলতার পথ সুগম হবে।

এদিকে, রাজধানীর বিভিন্ন এলাকায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। গত কয়েক দিনে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসব ঘটনায় জনবহুল এলাকা, শিক্ষাপ্রতিষ্ঠান ও গণপরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশে আবারও ষড়যন্ত্র হচ্ছে। অতীতের মতো এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে প্রধানমন্ত্রী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় জাতীয় ঐক্যের আহ্বান জানান। তবে তিনি সাম্প্রতিক নির্দিষ্ট ঘটনাগুলোর জন্য কোনো ব্যক্তি বা সংগঠনকে দায়ী করেননি। ফলে এসব ঘটনার সঙ্গে ষড়যন্ত্রের সম্পর্ক রয়েছে কি না, তা তদন্ত ও তথ্যপ্রমাণের ভিত্তিতেই নির্ধারণ করা প্রয়োজন।

বিএনপির জন্য অস্বস্তির আরেকটি কারণ দলের অভ্যন্তরীণ সংঘাত। হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, ওই মাসে বিএনপির অভ্যন্তরীণ ৩৫টি সংঘর্ষে অন্তত ৯ জন নিহত এবং ১৮৫ জন আহত হয়েছেন। একই সময়ে দেশে রাজনৈতিক সহিংসতার ৭০টি ঘটনায় অন্তত ১২ জন নিহত ও ৩৩৪ জন আহত হন। দলীয় আধিপত্য, কমিটি ও পদ-পদবি নিয়ে বিভিন্ন এলাকায় সংঘাত ক্ষমতাসীন দলের সাংগঠনিক শৃঙ্খলা ও স্থানীয় পর্যায়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সক্ষমতা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। এ ছাড়া রাজধানীর মিরপুরে একটি স্বাস্থ্যকেন্দ্র ভাঙার ঘটনায় বিএনপিসংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ঘটনাটি জনস্বাস্থ্য, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক পরিচয়ের প্রভাব নিয়ে বিতর্ক তৈরি করেছে।

বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু এসব পরিস্থিতিকে সরকারের ওপর চাপ হিসেবে দেখতে নারাজ। তিনি বলেন, সংস্কার নিয়ে বিরোধী দলের সঙ্গে কোনো বিরোধ নেই। শ্রমিক আন্দোলনকে কেউ কেউ ব্যবহার করতে চাইছে। দলে কোনো সমস্যা নেই, তাই চাপও নেই। তবে রাজনৈতিক বিশ্লেষক মহিউদ্দিন খান মোহন মনে করেন, সরকারে আসার সঙ্গে সঙ্গেই স্বাভাবিকভাবে একধরনের চাপ তৈরি হয়।