এবার আরও হার্ডলাইনে সরকার

Shahrier Islam Pallab
শামসুজ্জামান শামস
প্রকাশিত: ৮:১৬ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬ | আপডেট: ৮:৩১ পূর্বাহ্ন, ২৭ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত
  • সচিব, উপ-প্রেস সচিব, সাবেক ডিসি, পুলিশের ৪ কর্মকর্তাসহ শতাধিক আটক। 
  • নিষিদ্ধ দলের সদস্যদের ধরতেই যৌথ বাহিনীর পাশাপাশি ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাদের সহায়তা। 
  • জননিরাপত্তায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন।

গোপালগঞ্জসহ সারা দেশে নাশকতার তাণ্ডব ঠেকাতে পুলিশ, এসআরবি, আনসার ও বিজিবির নেতৃত্বে যৌথ বাহিনী নিষিদ্ধ দলের নাশকতাকারীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু করেছে। ককটেল, আগুন সন্ত্রাস, সড়ক-মহাসড়ক ভাঙচুর ও অবরোধের বিরুদ্ধে এবার আরও কঠোর নির্দেশনা দিয়েছে সরকারের শীর্ষ মহল। দেশে কোনো রাজনৈতিক অস্থিরতা দেখছেন না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, নিষিদ্ধ আওয়ামী লীগ রাজনৈতিকভাবে গুরুত্ব হারিয়েছে। দলটির কোনো ষড়যন্ত্রই সফল হতে দেওয়া হবে না। তবে সাধারণ মানুষের জানমাল রক্ষায় প্রয়োজন হলে কঠোর ব্যবস্থা নেবে সরকার।

গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরও সরকার রক্তপাত এড়িয়ে চলতে চেয়েছে। তবে পরিস্থিতির প্রয়োজনে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে যাবে। সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশে রাজনৈতিক অস্থিরতার কোনো পরিস্থিতি তিনি দেখছেন না। নিষিদ্ধ আওয়ামী লীগ এখন রাজনৈতিকভাবে অপ্রাসঙ্গিক। দলটির কোনো ষড়যন্ত্রই সফল হবে না।

নিষিদ্ধ রাজনৈতিক দলের সঙ্গে গোপন যোগাযোগ, নাশকতামূলক ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। গোপালগঞ্জের বাড়ি বা শ্বশুরবাড়ি এবং সাবেক ছাত্রলীগ নেতা সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে গোয়েন্দা সংস্থাগুলো। ইতিমধ্যে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করা হয়েছে। একই সঙ্গে যেসব পুলিশ সদস্যের ওপর সন্দেহ রয়েছে, তাঁদের চলাফেরা ও কাজকর্মের ওপর কড়া নজর রাখা হচ্ছে। মূলত ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা।

এদিকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা, নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের দাবি এবং বিরোধী দলগুলোর রাজপথে সক্রিয় হওয়ার প্রস্তুতিকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। সম্ভাব্য অস্থিরতা, নাশকতা ও সহিংসতা মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রেখেছে সরকার। অন্যদিকে ক্ষমতাসীন বিএনপি সরকার পরিচালনার পাশাপাশি রাজপথের রাজনীতিতেও সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে। এককথায় বলতে গেলে, ডিসেম্বর সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হচ্ছে।

রাজনৈতিক ও কূটনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ সরকারের আরও ‘হার্ডলাইন’ অবস্থানে যাওয়ার পেছনে মূলত ভারত-বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু এবং অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোকে কেন্দ্র করে দেশের অভ্যন্তরে সাম্প্রতিক সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতা ঠেকাতে সরকার কঠোর অবস্থান নিয়েছে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, কেবল চেকপোস্ট বা তল্লাশি বাড়িয়ে নাশকতা থামানো সম্ভব নয়; বরং বিস্ফোরক ও অর্থের উৎস এবং মূল পরিকল্পনাকারীদের আগেই শনাক্ত করা জরুরি। একই সঙ্গে কোনো বিশেষ সমঝোতা বা প্রত্যাবর্তন-ব্যবস্থার বদলে প্রচলিত আইনি প্রক্রিয়ার মাধ্যমেই সবকিছু মোকাবিলা করার নীতি নিয়েছে সরকার। বর্তমান প্রশাসন কোনো ধরনের রাজনৈতিক ছাড় না দিয়ে আইনি কাঠামোর ভেতরে থেকেই কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে অনড় রয়েছে বলে জানা গেছে।

সূত্রে জানা গেছে, বাংলাদেশ পুলিশ বাহিনীতে অভ্যন্তরীণ অবিশ্বাস ও সন্দেহের প্রেক্ষাপটে আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া প্রায় ২২ হাজার পুলিশ সদস্যকে বিশেষ নজরদারিতে রাখা হয়েছে। এরই অংশ হিসেবে সর্বশেষ রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চারজন পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। এই বাহিনীর ভেতরে পারস্পরিক আস্থার সংকট তৈরি হওয়ার পাশাপাশি ষড়যন্ত্রকারী চক্র ও দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে শুদ্ধি অভিযানের পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের কর্মকাণ্ড ও গতিবিধির ওপর নজরদারি জোরদার করেছে পুলিশ সদর দপ্তর।

গতকাল বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি (মিডিয়া) কামারুম মুনিরা সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা ঠেকাতে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশেষ করে সীমান্তবর্তী এলাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বাড়ানো হয়েছে নজরদারি। কামারুম মুনিরা বলেন, নিষিদ্ধ সংগঠনের কোনো রাজনৈতিক কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। তাদের ঘোষিত কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর অবস্থানে রয়েছে। বিশেষ করে থানা ও পুলিশ সদস্যদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশের চার কর্মকর্তাকে আটক করার পাশাপাশি সন্দেহভাজন পুলিশ সদস্যদের গতিবিধি পর্যবেক্ষণ করছে পুলিশ সদর দপ্তর। ডিসেম্বর ঘিরে যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।

ডিবি হেফাজতে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান:

অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে হেফাজতে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত বুধবার রাতে ডিবি সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসানকে হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে তিনি ডিবি হেফাজতে আছেন। চব্বিশের ৫ আগস্টের আগে গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন ৩৩ ব্যাচের এই পুলিশ কর্মকর্তা। তারও আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা জোনের সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ তিনি আর্মড পুলিশ ব্যাটালিয়নে (এপিবিএন) সংযুক্ত ছিলেন।

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন:

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিজিবির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর মধ্যে ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৮ প্লাটুন, নারায়ণগঞ্জে ০৭ প্লাটুন, গাজীপুরে ১৮ প্লাটুন, ময়মনসিংহের ভালুকায় ০২ প্লাটুন, গোপালগঞ্জে ৫৬ প্লাটুন, চট্টগ্রামে ০৩ প্লাটুন এবং কক্সবাজারে ০১ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া ০৪ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদারের পাশাপাশি যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। এ লক্ষ্যে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

পুলিশ বাহিনীর অভ্যন্তরেই গভীর সংশয় ও অবিশ্বাসের দোলাচল:

সম্প্রতি গোয়েন্দা তথ্যে উঠে এসেছে, বাহিনীর কিছু সদস্য নিষিদ্ধ দলের পলাতক নেতাদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন এবং সরকারের অনুগত সেজে স্পর্শকাতর তথ্য পাচার করছেন। বিশেষ করে ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরা এবং দেশের পরিস্থিতি অস্থিতিশীল করার ষড়যন্ত্রে এসব সদস্য ইন্ধন জোগাচ্ছেন বলে অভিযোগ রয়েছে। পলাতক নেতারা তাঁদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে নাশকতার পরিকল্পনা করছেন, যা বর্তমান সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি করেছে।

এই প্রেক্ষাপটে চট্টগ্রাম রেঞ্জের রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার (এসপি) জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়া হয়েছে। অনেকের সন্দেহভাজন কর্মকাণ্ড প্রকাশ্যে এসেছে।

গোয়েন্দা ও পুলিশ সূত্রগুলো জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরের শাসনামলে নিয়োগ পাওয়া বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নিয়ে এই সংশয় তৈরি হয়েছে। তাঁদের মধ্যে অনেকেই আগের সরকারের সুবিধাভোগী ছিলেন এবং বর্তমানে কৌশলে বর্তমান সরকারের আস্থাভাজন সেজে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পোস্টিং বাগিয়ে নিয়েছেন। কিন্তু আড়ালে তাঁরা এখনো আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন। পুলিশের ভেতরে পারস্পরিক বিশ্বাসের অভাব তীব্র হয়েছে, যেখানে সবাই একে অপরকে সন্দেহের চোখে দেখছেন। নীতিনির্ধারণী পর্যায়ে এই প্রবণতা নিশ্চিত হওয়ার পর সন্দেহভাজনদের ওপর সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে।

কনস্টেবল থেকে শুরু করে এএসপি পদমর্যাদার কর্মকর্তাদের গতিবিধি নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে। পুলিশের কিছু সদস্যকে ঘিরে সন্দেহ-অবিশ্বাস তৈরি হয়েছে খোদ বাহিনীতেই। নীতিনির্ধারণী পর্যায়ে এসব বিষয় স্পষ্ট হওয়ার পর নজরদারিতে রাখা হয়েছে সন্দেহভাজন অনেক পুলিশ কর্মকর্তাকে। তদন্তে উঠে এসেছে, প্রায় ২২ হাজার পুলিশ সদস্য বিশেষ নজরদারির আওতায় রয়েছেন, যাঁদের মধ্যে ১৭ হাজার কনস্টেবল এবং ৪ হাজার উপপরিদর্শক (এসআই) রয়েছেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখার অভিযোগে আরও কয়েক হাজার সদস্যের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত চলছে।

ঢাকা ক্যান্টনমেন্ট থানার ওসি রাকিবুল ইসলামকে গ্রেপ্তারের ঘটনাটিও এ ধরনের অডিও ফাঁসের প্রেক্ষাপটেই ঘটেছে। অপরাধমূলক ও সরকারবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে যাঁদের গ্রেপ্তার করা হয়েছে, তাঁদের মোবাইল ফোন ফরেনসিক পরীক্ষায় স্পর্শকাতর তথ্যের প্রমাণ মিলেছে। এই কর্মকর্তাদের অনেকেই আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত পরিবার থেকে আসা এবং তাঁদের নিয়োগের ক্ষেত্রেও প্রভাবশালীদের সুপারিশ ছিল বলে তথ্য পাওয়া গেছে।

সাম্প্রতিক কয়েকজন কর্মকর্তার আওয়ামী লীগ-সংশ্লিষ্টতা ও সরকারবিরোধী উসকানিসহ নানা কর্মকাণ্ডের ঘটনা সামনে আসার পর নানা আলোচনার সৃষ্টি হয়েছে। তথ্যপ্রমাণ পাওয়ার পর তাঁদের বিরুদ্ধে মামলা করে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা সরকারবিরোধী নানা কর্মকাণ্ড, উসকানি, জ্বালাও-পোড়াও ও ককটেল বিস্ফোরণের মতো ঘটনায় ইন্ধন জোগাচ্ছেন।

গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের শীর্ষ নেতারা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে যে পরিকল্পনা করছেন, তাতে দেশীয় মাঠপর্যায়ের নেতাকর্মীদের ব্যবহার করা হচ্ছে। এই নাশকতামূলক কর্মকাণ্ডে অর্থায়ন ও উসকানি প্রদানের অভিযোগ রয়েছে পলাতক নেতাদের বিরুদ্ধে, যেখানে সহায়তা করছেন সরকারপন্থী কিছু পুলিশ কর্মকর্তা। এসব কর্মকর্তা সংঘবদ্ধভাবে কাজ করছেন এবং তাঁদের নেতৃত্ব দিচ্ছেন আগের আমলের প্রভাবশালী সিনিয়র কর্মকর্তারা, যাঁরা বর্তমানে আত্মগোপনে আছেন। অথচ গোপনে তাঁরা অধীনস্থ কর্মকর্তাদের অস্থিরতা তৈরির জন্য দিকনির্দেশনা দিয়ে যাচ্ছেন। এসব পুলিশ সদস্যের একটি সুনির্দিষ্ট তালিকা তৈরি করা হয়েছে এবং তাঁদের প্রতিটি পদক্ষেপ এখন কঠোর পর্যবেক্ষণে রয়েছে।