সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা অনুষ্ঠিত, অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ৩:২৪ অপরাহ্ন, ১৪ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় অনুষ্ঠিত জানাজায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা, সংসদীয় কর্মকর্তা এবং মরহুমের সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।

জানাজার আগে প্রয়াত এই রাজনীতিবিদের জীবন ও রাজনৈতিক কর্মকাণ্ড স্মরণ করা হয়। পরে তার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন: তরুণদের ভূমিকার কারণেই দেশ আবার ঘুরে দাঁড়াতে পেরেছে: রিজভী

পরিবার ও দলীয় সূত্রে জানানো কর্মসূচি অনুযায়ী, সালাহউদ্দিন আহমেদের মরদেহে শ্রদ্ধা জানানো এবং জানাজার জন্য আরও দুটি আয়োজন রাখা হয়েছে। দুপুর দেড়টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিকেল ৩টায় শ্যামপুর-কদমতলী এলাকার লাল মসজিদ প্রাঙ্গণে তৃতীয় জানাজা হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। তার মৃত্যুতে বিএনপির নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

আরও পড়ুন: গ্রেপ্তারের দাবিতে জিএম কাদেরের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড

১৯৫৪ সালের ১ মে ঢাকার শ্যামপুরের কদমতলী পশ্চিম এলাকায় জন্মগ্রহণ করেন সালাহউদ্দিন আহমেদ। তার বাবার নাম আবদুর বারেক সর্দার। ধোলাইপাড় উচ্চবিদ্যালয় থেকে এসএসসি, নটর ডেম কলেজ থেকে এইচএসসি এবং জগন্নাথ কলেজ থেকে বিএ ডিগ্রি অর্জন করেন তিনি।

শিক্ষাজীবন শেষে ব্যবসা ও প্রকাশনা জগতের সঙ্গে যুক্ত হন সালাহউদ্দিন আহমেদ। তিনি ‘দৈনিক দেশ জনতা’ পত্রিকার মালিক ও সম্পাদক ছিলেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে কাজ করেন এবং একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠায় ভূমিকা রাখেন।

বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা এই নেতা রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় পরিচিত ছিলেন। তিনি দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

সালাহউদ্দিন আহমেদ ১৯৯১ সালের পঞ্চম, ১৯৯৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত ষষ্ঠ এবং ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পঞ্চম সংসদে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ছিলেন তিনি। অষ্টম সংসদে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পালন করেন।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং অসংখ্য আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।