ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে সমর্থন দিচ্ছে: নাহিদ ইসলাম
ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে জুলাই গণহত্যাকে পরোক্ষভাবে সমর্থন দিচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, গণঅভ্যুত্থান প্রশ্নে ভারত তার অবস্থান পরিবর্তন না করলে বাংলাদেশ–ভারত সম্পর্ক শীতলই থাকবে।
রোববার (২ নভেম্বর) রাজধানীর জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি
তিনি আরও বলেন, যেদিন জুলাই সনদ স্বাক্ষর হয়েছে, সেদিনই জাতীয় অনৈক্যের সূচনা হয়েছে। কোনো বাছবিচার ছাড়াই সেই সনদে স্বাক্ষর করে তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে। তবে এখনো ঐক্যের সুযোগ রয়েছে।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, সংস্কার বাস্তবায়ন নিয়ে সরকার দুই দলে বিভক্ত—একদল সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করছে, অন্যদল নির্বাচন পেছাতে চায়। তার দাবি, জুলাই সনদের আইনি ভিত্তি প্রতিষ্ঠা পেলেই গণভোট নির্বাচনের দিন অনুষ্ঠিত হলেও সমস্যা নেই।
আরও পড়ুন: ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক
তিনি বলেন, গণভোট নির্বাচনের আগে হবে না পরে হবে, সেটা বড় বিষয় নয়। কিন্তু জুলাই সনদ অবশ্যই ড. ইউনূসকে জারি করতে হবে। প্রেসিডেন্ট যদি এতে স্বাক্ষর দেন, তা হলে সংস্কারের কফিনে শেষ পেরেক ঠোকা হবে।
নাহিদ ইসলাম আরও জানান, বাস্তবায়ন আদেশের প্রথম খসড়ায় যেভাবে ২৭০ দিন পর সংস্কার প্রস্তাব স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হওয়ার বিধান ছিল, এনসিপি সেই প্রস্তাবকেই সমর্থন করে। এর ব্যত্যয় হলে আদেশ সমর্থন পুনর্বিবেচনা করতে হবে।
প্রতীক ইস্যুতে তিনি নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করে বলেন, নতুন দল হিসেবে সহযোগিতা না করে বরং আমাদের কাজে বাধা সৃষ্টি করছে ইসি। তবে আমরা শাপলাই প্রতীক হিসেবে চাই।





