হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, চিকিৎসা নিচ্ছেন বাসায়
হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে তিনি ভাইরাসজনিত সংক্রমণে আক্রান্ত হন। শনিবার (২০ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী মির্জা ফখরুল বর্তমানে নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। তার শারীরিক অবস্থা সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
শায়রুল কবির খান আরও বলেন, আপাতত চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী বিএনপি মহাসচিবকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলা হয়েছে।
আরও পড়ুন: সোমবার সারা দেশে শোক দিবস পালন করবে বিএনপি
এর আগে শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ওই সময় তিনি বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলো গণমাধ্যমের কাছে তুলে ধরেন। দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।





