শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আইনি প্রক্রিয়ার মাধ্যমে আদালতের রায় কার্যকর করা উচিত।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প বা উদ্যোগ (এমএসএমই) দিবস-২০২৬ উপলক্ষে ন্যাশনাল এসএমই ফাউন্ডেশন আয়োজিত ক্ষুদ্র উদ্যোক্তাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: গুম দিবসে সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা ১১ দলীয় ঐক্যের
নাহিদ ইসলাম বলেন, সম্প্রতি একটি সাক্ষাৎকারে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনার কথা এসেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, "দেশ ১৬ বছরের ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে। আমরা চাই, তিনি দেশে ফিরে আদালতের দেওয়া রায়ের মুখোমুখি হোন এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হোক। সরকারের উচিত যথাযথ কূটনৈতিক ও আইনি উদ্যোগের মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা।"
তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে দেশে ফিরবেন, আত্মসমর্পণ করবেন কি না কিংবা কোন প্রক্রিয়ায় ফিরবেন—এসব বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার। এ বিষয়ে প্রয়োজনীয় কূটনৈতিক যোগাযোগও সরকারের মাধ্যমেই হবে।
আরও পড়ুন: যার বিয়ে তার ঠেকা নাই, পাড়াপড়শির ঘুম নাই: জামায়াত আমির
নাহিদ ইসলাম আরও বলেন, শেখ হাসিনার রাজনৈতিক সিদ্ধান্ত ব্যক্তিগত নয়; বরং তা বহির্বিশ্বের রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত বলে তিনি মনে করেন। শেখ হাসিনার দেশে ফেরা, বিচার এবং রায় কার্যকর হওয়ার বিষয়টি বাংলাদেশ সরকারের কূটনৈতিক উদ্যোগের ওপর নির্ভর করবে বলেও মন্তব্য করেন তিনি।
জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের প্রসঙ্গে তিনি বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় আন্দোলনে অংশ নেওয়া সবাই যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করার কোনো চেষ্টা হলে তার দায় সরকারের ওপরই বর্তাবে। জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া মানুষ, আহত ব্যক্তি এবং নিহতদের পরিবার দেশের পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রাখছে বলেও উল্লেখ করেন।
আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সরকার দলগতভাবে দলটির বিচার করার বিষয়টি বিবেচনা করছে বলে জানা গেছে। তাঁর মতে, আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে বিচারিক প্রক্রিয়া যথাযথভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন।
এমএসএমই দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা অংশ নেন। অনুষ্ঠানে উদ্যোক্তা উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং ক্ষুদ্র শিল্প খাতের সম্ভাবনা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।





