তিস্তা মহাপরিকল্পনার দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ: জামায়াত আমির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:০০ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬ | আপডেট: ১২:০০ অপরাহ্ন, ১০ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের দেওয়া অঙ্গীকারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চায় জনগণ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১০ জুলাই) সকাল সাড়ে ৮টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। পরে বন্যাকবলিত বাঁশখালী উপজেলায় জামায়াতের ত্রাণ কার্যক্রমে অংশ নিতে রওনা দেন।

আরও পড়ুন: ডা. পাভেলকে দেখতে গেলেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক

ডা. শফিকুর রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি দীর্ঘদিন ধরে তুলে ধরা হচ্ছে। সরকারও এ বিষয়ে অঙ্গীকার করেছে। এখন সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ দেখতে চায় মানুষ।

তিনি বলেন, “আমরা জানি এটি একটি বৃহৎ প্রকল্প এবং বাস্তবায়নে সময় লাগবে। তবে আন্তরিকতার সঙ্গে কাজ করলে এর অগ্রগতি দৃশ্যমান হওয়া উচিত। জনগণ সেটিই প্রত্যাশা করে।”

আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে: নাহিদ ইসলাম

চট্টগ্রামের জলাবদ্ধতা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, দেশের বাণিজ্যিক রাজধানী হওয়া সত্ত্বেও সামান্য বৃষ্টিতেই নগরের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা সাধারণ মানুষের ভোগান্তি বাড়ায়। নালা-নর্দমা উপচে পড়াসহ এ ধরনের সমস্যার স্থায়ী সমাধান করা সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, জনগণের সমস্যাগুলো সরকারের নজরে আনা রাজনৈতিক দলগুলোর দায়িত্ব। পাশাপাশি নিজেদের সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে জামায়াতে ইসলামী। এ লক্ষ্যেই তিনি বাঁশখালীতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সহায়তা দিতে যাচ্ছেন।