ভোটার তা‌লিকায় অন্তর্ভুক্ত হ‌লেন তা‌রেক রহমান

Sanchoy Biswas
বিশেষ প্রতিনিধি
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ২৮ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৬:৫৮ অপরাহ্ন, ০৩ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নিবন্ধনের আনুষ্ঠানিকতা সারার পরদিনই ভোটার তালিকায় নাম উঠেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম। তাঁর ভোটার নং: ২৬১১০৭০২৭৯৭১।  ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক রোববার বিকালে বলেছেন, “জনাব তারেক রহমান সাহেবের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টি মাননীয় নির্বাচন কমিশন কর্তৃক অনুমোদিত হয়েছে।“

এ এম এম নাসির উদ্দিন নেতৃত্বাধীন ইসিতে আরও চার সদস্য রয়েছে। তাদের সম্মতিতে বিএনপি নেতার ভোটার তালিকায় অন্তর্ভুক্তির আবেদন গৃহীত হলো।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

সংসদ নির্বাচনে অংশ নিতে ভোটার হওয়ার বাধ্যবাধকতা রয়েছে; এ শর্ত পূরণে দেশের যেকোনো নির্বাচনি এলাকার ভোটার হলেই চলে। ২৫ বছর বয়সি ভোটাররা নির্বাচনে অংশ নিতে পারেন।

শনিবার দুপুর ১টায় আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট (ইটিআই) ভবনে গিয়ে আঙুলের ছাপ, আইরিশের প্রতিচ্ছবি আর বায়োমেট্রিক তথ্য দেন তারেক রহমান।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

এরপর ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, ভোটার তালিকায় নাম তুলতে বিএনপি নেতা শনিবার আনুষ্ঠানিকতা সারলেও তালিকায় অন্তর্ভুক্ত হতে সময় লাগবে একদিন।

২০০৭-২০০৮ সালে বাংলাদেশে প্রথমবারের মত ছবিসহ ভোটার তালিকা প্রণয়ন করা হয়। তারেক রহমান তখন ছিলেন কারাগারে। ২০০৮ সালে কারামুক্তির পর তিনি চিকিৎসার জন্য লন্ডনে যান। এরপর আর দেশে না ফেরায় এনআইডিও পাননি। তবে চব্বিশের অভ্যুত্থানে রাজনৈতিক পটপরিবর্তনের পর তার স্ত্রী ডা.জুবাইদা রহমানে দেশে এসে ভোটার হন।

১/১১ সরকার ও ফ্যাসিবাদ হাসিনা সরকারের রোষানলে পরে যুক্তরাজ্যে দেড় দশকের নির্বাসিত জীবন কাটিয়ে গত বৃহস্পতিবার সপরিবারে দেশে ফেরেন তারেক রহমান। তিনি ঢাকা-১৭ ও বগুড়া-৬ আসন থেকে ত্রয়োদশ সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম তুলেছেন। আগামীকাল মনোনয়ন ফরম জমা দিবেন বলে তাঁর ব্যক্তিগত কর্মকর্তা ও সাবেক সচিব আব্দুস সাত্তার জানিয়েছেন।