রবিবার চার জেলায় নির্বাচনী জনসভা করবেন তারেক রহমান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের তৃতীয় দিনের নির্বাচনী প্রচার কর্মসূচি চূড়ান্ত হয়েছে। নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী রবিবার (২৫ জানুয়ারি) তিনি চট্টগ্রাম, ফেনী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে দিনব্যাপী একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নেবেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।
আরও পড়ুন: বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে বিএনপির জয়
দলীয় কর্মসূচি অনুযায়ী, রোববার সকাল ৯টা ৩০ মিনিটে চট্টগ্রাম নগরীর হোটেল রেডিসনে আয়োজিত একটি ‘পলিসি ডায়ালগ’-এ অংশ নেবেন বিএনপি চেয়ারম্যান। এতে দলের নীতিগত অবস্থান, নির্বাচনকেন্দ্রিক পরিকল্পনা এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
এরপর বেলা ১১টায় চট্টগ্রামের ঐতিহাসিক পলোগ্রাউন্ড ময়দানে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দেবেন তারেক রহমান। এ সমাবেশে চট্টগ্রাম মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের প্রস্তুতি চলছে বলে দলীয় সূত্র জানিয়েছে।
আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু শুক্রবার
চট্টগ্রামের কর্মসূচি শেষে তিনি ফেনীর উদ্দেশে যাত্রা করবেন। সেখানে ফেনী পাইলট কলেজ মাঠে আয়োজিত আরেকটি জনসমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।
পরবর্তী কর্মসূচি হিসেবে তারেক রহমান কুমিল্লার তিনটি স্থানে জনসমাবেশে অংশ নেবেন। এসব সমাবেশ অনুষ্ঠিত হবে চৌদ্দগ্রাম, সুয়াগাজী ও দাউদকান্দি এলাকায়।
দিনের শেষ কর্মসূচি হিসেবে তিনি নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে আয়োজিত একটি জনসমাবেশে যোগ দেবেন। সমাবেশ শেষে তিনি ঢাকার গুলশানে নিজ বাসভবনের উদ্দেশে রওনা হবেন।
দলীয় নেতাদের ভাষ্য অনুযায়ী, নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এসব কর্মসূচির মাধ্যমে বিভিন্ন অঞ্চলের ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরাই বিএনপির প্রধান লক্ষ্য।





