ভোটকেন্দ্রে মোবাইল নিষেধাজ্ঞা না তুললে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদ ইসলামের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে মোবাইল ফোন বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত প্রত্যাহার না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন।
নাহিদ ইসলাম বলেন, “ইলেকশন কমিশন একটি বিজ্ঞপ্তি দিয়েছে—ভোটকেন্দ্রের ৪০০ মিটারের মধ্যে মোবাইল ফোন নিয়ে যাওয়া যাবে না। আজ সন্ধ্যার মধ্যে এই বিধি–বিধান পরিবর্তন না করলে আগামীকাল ইলেকশন কমিশন ঘেরাও করা হবে।”
আরও পড়ুন: ভারত সব দলকে পকেটে ঢুকিয়েছে, একটি দলকে পারেনি: জামায়াত আমির
তিনি আরও বলেন, “ইলেকশন কমিশন যদি পক্ষপাতিত্ব করে, তাহলে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতি হবে।”
এনসিপির আহ্বায়ক অভিযোগ করে বলেন, “আমরা দেখতে পাচ্ছি, অনেক বেসরকারি গণমাধ্যম একটি নির্দিষ্ট দলের নির্বাচনী বিজ্ঞাপন প্রচার করছে, কিন্তু অন্য দলগুলোর বিজ্ঞাপন নিচ্ছে না। আপনারা ভাবুন, কাজটা কতটা নৈতিক হচ্ছে।”
আরও পড়ুন: আয় কমেছে জামায়াতের
তিনি বলেন, “বিজ্ঞাপন লাগলে আমরাও দিতে চাই। কিন্তু আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না। কত টাকা লাগে—জনগণ আমাদের পক্ষে সেই টাকা আপনাদের দেবে। আপনারা একটি দলের মার্কা প্রচার করছেন, অন্য দলের মার্কা প্রচার করছেন না। এটা ফেয়ার না।”
উল্লেখ্য, নির্বাচন কমিশনের সাম্প্রতিক নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণের দিন ভোটকেন্দ্রের চারশ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের মধ্যে প্রতিক্রিয়া দেখা দিয়েছে।





