অল্প ভোটে হেরে গেলেন আলোচিত নাসীরুদ্দীন পাটওয়ারী

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:৪১ অপরাহ্ন, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারী পরাজিত হয়েছেন।

ঘোষিত ফলাফলে দেখা যায়, মির্জা আব্বাস পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। এতে ৫ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে জয় লাভ করেন বিএনপি প্রার্থী।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

নির্বাচন সংশ্লিষ্ট তথ্যে জানা যায়, এই আসনে মোট ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৭৫ হাজার ৪৭১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৭৯৫, নারী ভোটার ১ লাখ ২২ হাজার ৬৭৫ এবং হিজড়া ভোটার ছিলেন ১ জন।

এদিকে ভোট গণনার সময় অনিয়মের অভিযোগ তোলেন নাসীরুদ্দীন পাটওয়ারী। বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনের মিলেনিয়াম ইউনিভার্সিটি কেন্দ্রে ভোট গণনায় বাধা সৃষ্টি করা হয়েছে এবং সেখানে মির্জা আব্বাস উপস্থিত থেকে গণনা প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন। পরে আরেকটি পোস্টে তিনি অভিযোগ করেন, ৩৫টি কেন্দ্রের ফল ঘোষণা বাকি থাকা সত্ত্বেও ফলাফল আটকে রাখা হয়েছে।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

তবে শেষ পর্যন্ত বেসরকারিভাবে ঘোষিত চূড়ান্ত ফলাফলে মির্জা আব্বাসকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।