বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ: সালাহউদ্দিন আহমদ

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:০৩ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৩ অপরাহ্ন, ১৭ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপি ‘জুলাই সনদ’ বাস্তবায়নে অক্ষরে অক্ষরে এগোবে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে জাতীয় সংসদে শপথ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, জনগণ যে প্রত্যাশা নিয়ে বিএনপিকে নিরঙ্কুশ সমর্থন দিয়েছে, সেই প্রত্যাশা পূরণে দল প্রতিশ্রুতিবদ্ধ। জুলাই সনদে যে অঙ্গীকারগুলো করা হয়েছে, তা সরকার গঠনের পর থেকেই কার্যকর উদ্যোগের মাধ্যমে বাস্তবায়ন করা হবে।

আরও পড়ুন: জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে বিএনপি সরকারের যাত্রা শুরু: সারজিস

তিনি আরও বলেন, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে ঐতিহাসিকভাবে স্বাক্ষরিত এই সনদের প্রতিটি অঙ্গীকার বাস্তবায়নে দল বদ্ধপ্রতিশ্রুত। রাষ্ট্র পরিচালনায় সংসদ প্রধান প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে, প্রয়োজনীয় আইন ও সংবিধান সংশোধনের মাধ্যমে এই প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে।

সংবিধান সংস্কার পরিষদ সম্পর্কেও তিনি উল্লেখ করেন, সংবিধানে এর কোনো সদস্যের শপথ পাঠ করানোর এখতিয়ার নেই। তাই এমন কোনো প্রক্রিয়া সম্পন্ন হয়নি। সামনের দিনগুলোও রাষ্ট্র পরিচালনা হবে পুরোপুরি সাংবিধানিক কাঠামোর মধ্যে।

আরও পড়ুন: প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেলেন যারা

সালাহউদ্দিন জানান, সংসদীয় দলের বৈঠকে সর্বসম্মতিক্রমে তারেক রহমানকে সংসদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে এবং রাষ্ট্রপতির কাছে সরকার গঠনের চিঠি পাঠানো হয়েছে। এছাড়া দলের নেতা তারেক রহমান সংসদ সদস্যদের নির্দেশ দিয়েছেন— কেউ ট্যাক্স-ফ্রি গাড়ি নেবেন না এবং সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না, যা থেকে বোঝা যায়, নতুন সংসদ থেকে বিশেষ সুবিধাভোগী হওয়ার ধারণা পরিবর্তনের সংকল্প রয়েছে।