অন্তর্বর্তী সরকারের চুক্তি নিয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি: জামায়াত আমির

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ০৬ মার্চ ২০২৬ | আপডেট: ৩:০৫ পূর্বাহ্ন, ০৭ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের সময় বিভিন্ন দেশের সঙ্গে সম্পাদিত চুক্তি নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো ধরনের আলোচনা করা হয়নি বলে জানিয়েছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

আরও পড়ুন: সন্ধ্যায় ঢাকায় এনসিপির বিক্ষোভ মিছিল

ফেসবুক পোস্টে ডা. শফিকুর রহমান বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের আমলে বিভিন্ন দেশের সঙ্গে সরকার কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি সম্পাদন করেছে। তবে এ ধরনের চুক্তি নিয়ে সরকারের পক্ষ থেকে জামায়াতে ইসলামীর সঙ্গে কোনো আলোচনা করা হয়নি।

তিনি আরও বলেন, সংসদ না থাকার কারণে তৎকালীন সরকার বিভিন্ন জাতীয় ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। একইভাবে আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়েও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল বলে তার দল মনে করে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জামায়াত আমির দাবি করেন, এ বিষয়ে তারা একাধিকবার আলোচনা ও সংলাপের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু সরকার সেই দাবিগুলোকে গুরুত্ব দেয়নি।

ডা. শফিকুর রহমান বলেন, আন্তর্জাতিক চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মতামত নেওয়া প্রয়োজন ছিল। কিন্তু তা করা হয়নি। ফলে এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট এবং এ নিয়ে কোনো ধরনের বিভ্রান্তির সুযোগ নেই।