মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফা অস্ত্রোপচার চলছে

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬ | আপডেট: ২:২৩ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার চলছে।

শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টায় প্রথম অস্ত্রোপচার শুরু হয় এবং সন্ধ্যা সোয়া ৬টায় সম্পন্ন হয়। এরপর শারীরিক জটিলতা বিবেচনায় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মস্তিষ্কে দ্বিতীয় দফার অস্ত্রোপচার শুরু হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অস্ত্রোপচার এখনও চলমান রয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনা আর কখনো দেশে ফিরতে পারবেন না: রাশেদ খাঁন

চিকিৎসকরা জানিয়েছেন, দ্বিতীয় দফার অস্ত্রোপচার-পরবর্তী পরিস্থিতি স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে স্থানান্তর করা হতে পারে। মির্জা আব্বাসের পরিবার ইতিমধ্যেই আকাশপথে রোগী পরিবহনের জন্য বিশেষ বিমানসহ (এয়ার অ্যাম্বুলেন্স) প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করেছে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, গত বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে ওই রাতেই তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে: রিজভী

আজ (শুক্রবার) দুপুরে মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি দায়িত্বে থাকা চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন। মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য কামনায় তার পরিবার ও দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।