ভাটারায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মী গ্রেফতার
রাজধানীর ভাটারা থানা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার ব্লক-এম, রোড-২৮-এর একটি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট থেকে তাদের গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেওয়া হবে না: নাহিদ
ডিএমপি সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে শোক দিবস পালনের প্রস্তুতি সভা ও ঝটিকা মিছিল সফল করার উদ্দেশ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর নেতাকর্মীরা ওই ফ্ল্যাটে সমবেত হয়েছিলেন।
এ সময় তারা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে বিভিন্ন রাষ্ট্রবিরোধী স্লোগান দিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। পরে ভাটারা থানা পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫৩ জনকে গ্রেফতার করে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে ছাত্রদলের শীর্ষ নেতৃত্বের ‘বিদায়ী’ সাক্ষাৎ
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
নগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপির সংশ্লিষ্ট ইউনিটগুলো নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনা করছে।





