২৬ জন সন্দেহভাজন জাসদ কার্যালয় থেকে আটক, সবাইকে ছেড়ে দিয়েছে পুলিশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:১১ অপরাহ্ন, ২৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৪:০৭ পূর্বাহ্ন, ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশের অভিযানের পর আটক ২৮৯ জনের অধিকাংশকে ছেড়ে দেওয়া হয়েছে। তবে জাসদের দাবি, এখনো দলটির ২৬ জন নেতা-কর্মী পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের দ্রুত ও নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে দলটি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের পর ২৮৯ জনকে আটক করে রাজধানীর পল্টন, শাহজাহানপুরসহ বিভিন্ন থানায় নেওয়া হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল অঞ্চলের সহকারী কমিশনার সাকিবুল আলম ভূঁইয়ার ভাষ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জাসদ কার্যালয়ে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন—এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

আরও পড়ুন: কওমিপন্থী ঐক্যের রূপরেখা চায় হেফাজত

পুলিশের পক্ষ থেকে তখন জানানো হয়েছিল, আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হবে। যারা জাসদের নেতা-কর্মী হিসেবে শনাক্ত হবেন, তাদের ছেড়ে দেওয়া হবে। অন্যদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তবে জাসদ কার্যালয়ে আওয়ামী লীগ বা এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা জড়ো হওয়ার অভিযোগ প্রত্যাখ্যান করেছে দলটি। এক বিবৃতিতে জাসদ জানিয়েছে, কার্যালয়ে আয়োজিত প্রতিনিধি সভাটি পূর্বনির্ধারিত ছিল। সভার বিষয়ে ডিএমপি কমিশনার, মতিঝিল জোনের উপকমিশনার (ডিসি) ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছিল বলেও দাবি করেছে দলটি।

আরও পড়ুন: বিশ্বের ৫৪ দেশের রাজনীতিবিদদের অ্যাম্বাসেডর নির্বাচনে বিজয়ী ছাত্রদল সহ সভাপতি ডাঃ আউয়াল

জাসদের দাবি, প্রতিনিধি সভায় প্রায় ৫০০ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। তাদের মধ্যে প্রায় ৩০ জন নারী সদস্য ছিলেন।

দলটির অভিযোগ, পুলিশের উপস্থিতির মধ্যেই যুবদলের প্রায় ৫০০ নেতা-কর্মী হঠাৎ করে জাসদ কার্যালয়ে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি ও নেতা-কর্মীদের ওপর হামলা চালায়। এরপর পুলিশ পুরো কার্যালয় ঘেরাও করে উপস্থিত নেতা-কর্মীদের আটক করে নিয়ে যায় বলে দাবি করেছে জাসদ।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি আবু জাফর সূর্যও ছিলেন। জাসদ সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রোববার ভোরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিদের কাউকে এখনো আদালতে উপস্থাপন করা হয়নি বলেও দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার সকালে জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন বলেন, যাচাই-বাছাইয়ের পর অধিকাংশকে ছেড়ে দেওয়া হলেও এখনো দলের অন্তত ২৬ জন নেতা-কর্মী পুলিশের হেফাজতে রয়েছেন। জাসদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, আটক নেতা-কর্মীরা নির্দোষ। তাদের কোনো ধরনের হয়রানি ছাড়াই দ্রুত মুক্তি দেওয়ার আহ্বান জানিয়েছে দলটি।