গুলশান ট্রাফিকের প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচি
দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে অনুমোদনহীন হেলমেট ভাঙ্গা কর্মসূচী পালন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গুলশান ডিভিশন।
প্লাস্টিক হেলমেট ব্যবহার বন্ধে সচেতনতা এখন সময়ের দাবি। অনেক মোটরসাইকেল চালক ও আরোহী শুধুমাত্র আইন এড়ানোর জন্য অনুমোদনহীন হালকা প্লাস্টিক হেলমেট ব্যবহার করেন। কিন্তু এসব হেলমেট দুর্ঘটনার সময় কোনো কার্যকর সুরক্ষা দিতে পারে না। বরং মাথায় গুরুতর আঘাতের ঝুঁকি আরও বাড়িয়ে দেয়। একটি মানসম্মত হেলমেট যেমন জীবন রক্ষা করতে পারে, তেমনি ভুয়া হেলমেট জীবনকে বিপদের মুখে ঠেলে দেয়।
আরও পড়ুন: ভিসার মেয়াদ সমাধানের বার্তা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের
এই বাস্তবতা তুলে ধরতেই সচেতনতামূলক “প্লাস্টিক হেলমেট ভাঙা কর্মসূচী” আয়োজন করা হয়। এতে অংশগ্রহণকারীরা নিজেরাই তাদের অনিরাপদ ও অনুমোদনহীন হেলমেট ভেঙে ফেলে নিরাপত্তার প্রতি দায়বদ্ধতার বার্তা দেন। এটি শুধু একটি প্রতীকী কর্মসূচী নয়, বরং জনসচেতনতা বৃদ্ধির একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে হলে প্রত্যেক চালক ও আরোহীকে মানসম্মত, অনুমোদিত হেলমেট ব্যবহার করতে হবে। নিজের জীবনের মূল্য বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়াই বুদ্ধিমানের কাজ। আইন মানা শুধু জরিমানা এড়ানোর জন্য নয়, বরং নিজের এবং পরিবারের নিরাপত্তার জন্য জরুরি। আসুন, আমরা সবাই মিলে ভুয়া হেলমেট বর্জন করি এবং নিরাপদ সড়ক গড়তে সচেতন হই।
আরও পড়ুন: দেশে এলো ৩ লাখ ৮০ হাজার প্রবাসীর ভোট





