শুভ জন্মদিন ডিয়েগো ম্যারাডোনা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৩ | আপডেট: ৫:২৮ পূর্বাহ্ন, ৩০ অক্টোবর ২০২৩
ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা । ছবি: সংগৃহীত
ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনা । ছবি: সংগৃহীত

সর্বকালের সেরা ফুটবলারদের মধ্যে অন্যতম, ফুটবল জাদুকর ডিয়েগো ম্যারাডোনার ৬৩তম জন্মদিন আজ। এই কিংবদন্তি পৃথিবী ছেড়ে চলে গেছেন ৩ বছর হলো। ১৯৬০ সালের এই দিনে আর্জেন্টিনার বুয়েনস আইরেস প্রদেশের লানুস শহরে জন্মগ্রহণ করেন আর্জেন্টাইন এই জাদুকর।

আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা ম্যারাডোনা অনেকের কাছে তিনি আবার ফুটবল ঈশ্বর। বল পায়ে দক্ষ নিয়ন্ত্রণ, চিতার বেগে ডিফেন্ডারদের কাটিয়ে এগিয়ে যাওয়াসহ আরও অনেক ঐতিহাসিক মুহূর্ত আর অসাধারণ সব গোল পাস,  বিতর্কিত গোল ডিয়েগো ম্যারাডোনাকে রেখেছে বেশ উঁচু স্থানে।

আরও পড়ুন: ফিফার পক্ষপাতের অভিযোগ উড়িয়ে দিলেন মেসি, ‘যোগ্যতাতেই ফাইনালে’

কারো মতে, শ্রেষ্ঠত্বের চূড়ায় জ্বলজ্বলে তারাটি একমাত্র ম্যারাডোনাই। আবার কেউ কেউ পেলে, লিওনেল মেসি কিংবা ক্রিস্টিয়ানো রোনালদোকে সে জায়গার যোগ্য দাবিদার মনে করেন। তবে ভালোমন্দ যেভাবেই হোক, ফুটবল বিশ্বকে সবসময় বিমোহিত করেছেন একসময়ের বিশ্বচ্যাম্পিয়ন ম্যারাডোনা।

মাত্র দুই দশকের পেশাদার ক্যারিয়ারে ম্যারাডোনা খেলেছেন ছয়টি ক্লাবে। ষোল বছর বয়সে পা দেয়ার ঠিক দশদিন আগে নিজ শহরের ক্লাব আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে অভিষেক ঘটে তার, বর্তমানে হোম গ্রাউন্ডের নামকরণ হয়েছে ম্যারাডোনারই নামে।

আরও পড়ুন: ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা

১৯৮২ বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সি গায়ে চাপান ম্যারাডোনা। ব্রাজিলের বিপক্ষে লাল কার্ড পেয়ে শেষ হয় তার আসর। পরের বিশ্বকাপে মেক্সিকোতে বিশ্বকে দেখান তার সামর্থ্য। তার নৈপুণ্য ও নেতৃত্বে দ্বিতীয়বারের মতো আর্জেন্টিনা জিতে নেয় বিশ্বকাপ। তত দিনে বিশ্ব ফুটবলে সবার ওপরে একটিই নাম ডিয়েগো ম্যারাডোনা।

এরপর ১৯৯০ বিশ্বকাপেও দলকে তুলেছিলেন ফাইনালে। এই আসরে ডোপ টেস্টে পজিটিভ হন এই ফুটবল কিংবদন্তি। ফলে ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরলেও স্বাভাবিক ছন্দে দেখা যায়নি ম্যারাডোনাকে। ২০ বছরের আন্তর্জাতিক ও ক্লাব ক্যারিয়ারে আর্জেন্টাইন এই মহাতারকা মোট গোল করেছেন ৩৪৬টি। ক্যারিয়ারে কোচিংও করেছেন ম্যারাডোনা। ২০০৮ সালে ছিলেন মেসিদের কোচ।

২০২০ সালের ২৫ নভেম্বর মাত্র ৬০ বছর বয়সে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান ডিয়েগো ম্যারাডোনা।