ভারত-পাকিস্তান ম্যাচ বয়কট ইস্যুতে বিপাকে আইসিসি

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩২ পূর্বাহ্ন, ০৫ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত দেশটির সরকারের অনুমোদন পায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে টুর্নামেন্টে অংশ নিতে সম্মতি দিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্ত নেয় পাকিস্তান।

ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিষয়ে পাকিস্তান সরকার আনুষ্ঠানিকভাবে অবস্থান জানালেও বিষয়টি লিখিতভাবে এখনো আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলকে (আইসিসি) অবহিত করেনি পিসিবি। এ অবস্থায় সিদ্ধান্তটি পুনর্বিবেচনার জন্য পাকিস্তানকে অনুরোধ জানিয়েছে আইসিসি। পাশাপাশি সংস্থাটি নিজ উদ্যোগে পিসিবির সঙ্গে আলোচনা শুরু করেছে।

আরও পড়ুন: বিশ্বকাপ বয়কটের হুমকি: আইসিসির অর্থনৈতিক ক্ষতি

আইসিসির ডেপুটি চেয়ারম্যান ও চেয়ারম্যান জয় শাহর সহকারী ইমরান খাজাকে এই আলোচনার দায়িত্ব দেওয়া হয়েছে। সিঙ্গাপুর ক্রিকেট সংস্থার প্রতিনিধি খাজাকে যেকোনো উপায়ে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে রাজি করানোর চেষ্টা করতে বলা হয়েছে। ‘রেভস্পোর্টস’-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচটি না হলে শুধু পিসিবিই নয়, বড় ধরনের আর্থিক ও চুক্তিগত জটিলতায় পড়তে পারে আইসিসিও। সম্প্রচারকারী প্রতিষ্ঠানের সঙ্গে আইসিসির চার বছরের চুক্তিতে ভারত-পাকিস্তান ম্যাচকে একটি গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ম্যাচকে কেন্দ্র করেই চুক্তির আর্থিক মূল্য উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: পাকিস্তান ম্যাচ বয়কট, আইসিসি ডেকেছে জরুরি বৈঠক

ফলে বহুল প্রতীক্ষিত এই ম্যাচটি অনুষ্ঠিত না হলে সম্প্রচারকারী সংস্থার বড় অঙ্কের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এতে আইসিসির বিরুদ্ধে চুক্তিভঙ্গের অভিযোগ উঠতে পারে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।