আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ, লক্ষ্য র‍্যাংকিংয়ে উন্নতি

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬ | আপডেট: ৮:২১ অপরাহ্ন, ১০ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

প্রায় তিন মাস বিরতির পর পাকিস্তান সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ নিশ্চিত করতে এই সিরিজটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মেহেদী হাসান মিরাজ, লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের জন্য।

বর্তমানে আইসিসি ওয়ানডে র‍্যাংকিংয়ে ৭৪ রেটিং পয়েন্ট নিয়ে বাংলাদেশ দশম স্থানে অবস্থান করছে। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে সরাসরি খেলতে হলে ৩১ মার্চ ২০২৭-এর মধ্যে র‍্যাংকিংয়ের শীর্ষ আটে থাকতে হবে।

আরও পড়ুন: নিউজিল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন ভারত

তবে বিষয়টি নিয়ে এখনই খুব বেশি চিন্তিত নন বাংলাদেশ দলের হেড কোচ ফিল সিমন্স। তার মতে, র‍্যাংকিং নয় বরং ভালো ক্রিকেট খেলাই এখন দলের মূল লক্ষ্য।

গতকাল এক সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, “র‍্যাংকিংয়ে উন্নতি সবাইই চায়। তবে আমরা বিশ্বকাপে সরাসরি খেলার চিন্তার চেয়ে ভালো ক্রিকেট খেলায় বেশি মনোযোগ দিচ্ছি। কয়েক বছর আগেও ওয়ানডেতে বাংলাদেশ ভালো অবস্থানে ছিল। এখন সাকিবের মতো কিছু অভিজ্ঞ ক্রিকেটার দলে নেই। আমরা নতুনদের নিয়ে কাজ করছি।”

আরও পড়ুন: নারী দিবসে বিসিবির সংবর্ধনা পেলেন নারী ক্রিকেটাররা

ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ সবশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ খেলেছিল, যেখানে ঘরের মাঠে ২–১ ব্যবধানে জয় পেয়েছিল টাইগাররা। সেই সিরিজের তুলনায় বর্তমান উইকেট আরও ভালো বলে মনে করছেন কোচ সিমন্স।

তিনি বলেন,“ওয়েস্ট ইন্ডিজ সিরিজের চেয়ে এই উইকেট ভালো দেখাচ্ছে। তবে আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে, বিশেষ করে মিডল ওভারে। সেখানে আমরা তেমন ভালো করছি না এবং বোলাররাও বেশি উইকেট নিতে পারছে না।”

যদিও পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজটি সুখকর ছিল না বাংলাদেশের জন্য। লাহোরে অনুষ্ঠিত সেই সিরিজে ৩–০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টাইগাররা। তবে এবার ঢাকায় সেই হারের প্রতিশোধ নিতে মুখিয়ে আছে বাংলাদেশ দল।

সিমন্স বলেন, “ওরা নিশ্চয়ই আবার ৩–০ ব্যবধানে জিততে চাইবে। তবে এবার উইকেট ভালো এবং আমরা ভালো শুরুর অপেক্ষায় আছি। এই সিরিজ দিয়েই আমাদের বিশ্বকাপ যাত্রা শুরু।”

এদিকে পাকিস্তান সিরিজ দিয়েই সাকিব আল হাসানের ফেরার গুঞ্জন থাকলেও আইনি জটিলতার কারণে সাবেক অধিনায়কের এই সিরিজে ফেরা হচ্ছে না। এ বিষয়ে সিমন্স বলেন, “আপনারা যতটুকু শুনেছেন বা পত্রিকায় পড়েছেন, আমিও ঠিক ততটুকুই জানি। এর বেশি কোনো তথ্য আমার কাছে নেই।”

২০২৭ বিশ্বকাপের কন্ডিশন মাথায় রেখে নতুন পরিকল্পনার কথাও জানিয়েছেন টাইগার কোচ। তিনি বলেন,

“আমরা এখন থেকে চেষ্টা করব অন্তত তিনজন ফাস্ট বোলার নিয়ে খেলতে। কারণ বিশ্বকাপ হবে দক্ষিণ আফ্রিকায় এবং সেখানে পেসারদের ওপরই বেশি নির্ভর করতে হবে।”