সিংড়ায় হাঁসের ডিমের দামে ধস, দিশেহারা খামারিরা

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ৪:২০ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬ | আপডেট: ৫:৫২ অপরাহ্ন, ০৩ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় ডিমের দাম কমে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন চলনবিলের হাঁস খামারিরা।

আগে ডিমের পাইকারি দাম প্রতি পিস ১৫ থেকে ২০ টাকায় বিক্রি হতো। এখন ডিমের দাম কমে গিয়ে বিক্রি হচ্ছে ৮ থেকে ১০ টাকায়।

আরও পড়ুন: মাওনা চৌরাস্তায় অস্থায়ী বাজার ইজারার নামে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দখলের প্রতিবাদে মানববন্ধন

চলনবিলের বৃহত্তম হাঁসের ডিমের হাট সিংড়ায় গিয়ে দেখা যায়, হাঁসের বাচ্চা ফোটানোর জন্য হ্যাচারির বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস এবং ছোট ডিম বিক্রি হচ্ছে ৮ থেকে ৯ টাকা পিস।

হাঁস খামারি জাহিদ হাসান জানান, ডিমের দাম এত কম যে আমরা খামারিরা লোকসানে পড়ে গেছি। এইভাবে যদি ডিমের দাম চলতে থাকে, তাহলে আমাদের অনেক বড় ক্ষতি হবে। সব খাবারের দাম বৃদ্ধি পেয়েছে, অথচ ডিমের দাম কম। ডিমের দাম এভাবে চলতে থাকলে আমরা আর হাঁস পালন করতে পারব না। এক মাস আগে ডিমের দাম ছিল ১৫ থেকে ২০ টাকা, এখন ডিমের দাম পাচ্ছি ৭/৮ টাকা।

আরও পড়ুন: সীতাকুণ্ডে জঙ্গলে গলাকাটা অবস্থায় জঙ্গলে হাঁটতে থাকা সেই শিশুর মৃত্যু

ডিমের পাইকার শহিদুল জানান, বেচাকেনা কম, আমদানি বেশি, গরম পড়ছে, মানুষ কম খাচ্ছে—এই কারণে ডিমের দাম কম। তবে আশা করছি, অল্প দিনের মধ্যে এ বাজার থাকবে না। আগের দামে ডিম বিক্রি হবে।

চলনবিলের ডিমের আড়ৎদার ওহাব জানান, রমজান উপলক্ষে ডিমের দাম কমে গেছে, এতে খামারিরা খুব ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে পরিমাণ খাবারের দাম, সে হিসাবে ডিমের দাম খুবই কম। এই ডিম সর্বনিম্ন ১২/১৫ টাকা পিস বিক্রি হওয়ার কথা, কিন্তু এই ডিম বিক্রি হচ্ছে ৮/৯ টাকা এবং বড় ডিম বিক্রি হচ্ছে ১০ টাকা পিস।

সিংড়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তাশরিফুল ইসলাম বলেন, “পোল্ট্রি ডিমের উৎপাদন ও সরবরাহ বেড়ে যাওয়ায় বাজারভিত্তিক এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এটি সাময়িক। আশা করছি, দ্রুতই খামারিরা ন্যায্য দাম ফিরে পাবেন।”