আর্জেন্টিনার দাপুটে জয়, জিতল ব্রাজিলও

Any Akter
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ২:৪০ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৫:৪১ অপরাহ্ন, ০১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের শক্তি ও ছন্দের জানান দিল ফুটবলের দুই পরাশক্তি আর্জেন্টিনা ও ব্রাজিল। একদিকে লিওনেল মেসির নেতৃত্বে দুর্দান্ত আক্রমণভাগের প্রদর্শনীতে বড় জয় তুলে নিয়েছে আর্জেন্টিনা, অন্যদিকে নাটকীয় লড়াইয়ে জয় পেয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে ব্রাজিল। আসন্ন মহাযুদ্ধের আগে এই দুই দলের পারফরম্যান্স যেন স্পষ্ট বার্তা-শিরোপার লড়াইয়ে তারা প্রস্তুত।

মৌরিতানিয়ার বিপক্ষে শুরুর একাদশে না থাকলেও বিশ্বকাপের আগে ঘরের মাঠে শেষ প্রীতি ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে শুরুর একাদশেই ছিলেন মেসি। তার প্রভাবটাও ছিল স্পষ্ট। ম্যাচের শুরু থেকেই আলবিসেলেস্তেদের আক্রমণের ধার ছিল চোখে পড়ার মতো। ফলটাও মেলে দ্রুত। মাত্র ৪ মিনিটেই দলকে এগিয়ে নেন আলভারেজ।

আরও পড়ুন: ইতালির স্বপ্নভঙ্গ, টাইব্রেকারে জিতে বিশ্বকাপে বসনিয়া

দ্বিতীয় গোলের দেখা পেতে অপেক্ষাটা হয় দীর্ঘ। আর সেই অপেক্ষার অবসান ঘটান দলের প্রানভোমরা লিওনেল মেসি। ডি বক্সে ম্যাক অ্যালিস্টাসের সঙ্গে ওয়ান টু ওয়ান পাসে বাঁদিক থেকে জাম্বিয়ার জালে বল পাঠান এলএমটেন।

বিরতির পর নিজেদের বক্সে আলমাদাকে ফাউল করে বসেন জাম্বিবয়ার ডিফেন্ডার। পেনাল্টিতে কোনো ভুল করেননি ওতামেন্দি। ৫০ মিনিটে স্কোরলাইন ৩-০।

আরও পড়ুন: বিশ্বকাপ স্কোয়াড প্রায় চূড়ান্ত: আনচেলত্তির ইঙ্গিতে অনিশ্চয়তায় নেইমারের ভবিষ্যৎ

চতুর্থ গোলটা আত্মঘাতী। আলমাদার ক্রস থামাতে গিয়ে নিজেদের জালেই বল পাঠিয়ে দেন ডিফেন্ডার ডমিনিক চান্দা। আর যোগ করা সময়ে ভ্যালেন্টিন বারকো করেন ম্যাচের শেষ গোল।

বড় জয় নিয়ে বিশ্বকাপে প্রস্তুতিটা ভালোভাবে সারছে ব্রাজিলও। বিশ্বকাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণার আগে অরল্যান্ডোর ক্যাম্পিং স্টেডিয়ামে শেষ প্রীতি ম্যাচে ক্রোয়েশিয়াকে হারিয়েছে আনচেলত্তির দল।

ফ্রান্সের বিপক্ষে হারের একাদশে ছয়টি পরিবর্তন আনেন ব্রাজলি কোচ আনচেলত্তি। তাতে আক্রমণের ধার বাড়লেও, প্রথম গোলের জন্য অপেক্ষা করতে হয় প্রথমার্ধের শেষ পর্যন্ত। ভিনিসিয়ুস জুনিয়রের পাস থেকে ডেড লক ভাঙেন দানিলো।

বাকিটা সময় নিরুত্তাপ খেলা হলেও ৮৪ মিনিটে বদলে যায় দৃশ্যপট। ফ্রুকের পাস থেকে দারুণ গোল করে খেলায় সমতা ফেরান লভরো মাইয়ের।

চার মিনিট পর পেনাল্টি থেকে গোল করে ব্রাজিলকে আবারও এগিয়ে দেন ইগর থিয়াগো। আর যোগ করা সময়ে স্কোরশিটে নাম তোলেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি।