পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দাপুটে পারফরম্যান্সে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। পেসার নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে সফরকারীদের মাত্র ১৬৩ রানে গুটিয়ে দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল।
২৬৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খায় পাকিস্তান। ইনিংসের প্রথম ওভারেই ওপেনার ইমাম-উল-হককে ফেরান তাসকিন আহমেদ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে সফরকারীরা। ওপেনার আজান আওয়াইস ১৫ ও অধিনায়ক শান মাসুদ মাত্র ২ রান করে বিদায় নেন।
আরও পড়ুন: Challenge Roth 2026 সফলভাবে শেষ করে বাংলাদেশের পতাকা উড়ালেন মোস্তাফিজুর রহমান
৬৮ রানে ৩ উইকেট হারানোর পর আব্দুল্লাহ ফজল ও সালমান আগা চতুর্থ উইকেটে ৫১ রানের জুটি গড়ে পাকিস্তানকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন। তবে টাইগার স্পিনার তাইজুল ইসলামের এলবিডব্লিউ ফাঁদে পড়ে ৬৬ রান করে ফেরেন ফজল। পরের ওভারেই সালমান আগাকে আউট করে পাকিস্তানকে আরও চাপে ফেলেন তাসকিন।
এরপর উইকেটরক্ষক মোহাম্মদ রিজওয়ান ও সৌধ শাকিল প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও নাহিদ রানার গতির সামনে টিকতে পারেননি। টানা দুই ওভারে এই দুই ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে ম্যাচ পুরোপুরি বাংলাদেশের নিয়ন্ত্রণে নিয়ে আসেন তিনি। রিজওয়ান ও শাকিল দুজনই করেন ১৫ রান।
আরও পড়ুন: নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
শেষদিকে হাসান আলিকে আউট করে পাকিস্তানের ইনিংস গুটিয়ে দেন তাইজুল ইসলাম। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি পাকিস্তানের ব্যাটিং লাইনআপ।
এর আগে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ ৯ উইকেটে ২৪০ রান তুলে ইনিংস ঘোষণা করে। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত খেলেন ৮৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া মুমিনুল হক ৫৬, মুশফিকুর রহিম ২২ ও মেহেদি হাসান মিরাজ ২৪ রান করেন।
প্রথম ইনিংসে বাংলাদেশের ৪১৩ রানের জবাবে পাকিস্তান করেছিল ৩৮৬ রান। ফলে দ্বিতীয় ইনিংসে এগিয়ে থেকে বড় লক্ষ্য ছুড়ে দিয়ে শেষ পর্যন্ত দাপুটে জয় নিশ্চিত করে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে এটি বাংলাদেশের টানা তৃতীয় টেস্ট জয়। দীর্ঘ ২০ বছরের অপেক্ষার পর ২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সেই সিরিজে ২-০ ব্যবধানে জয়ের পর এবার মিরপুরেও জয় তুলে নিয়ে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় পূর্ণ করলো টাইগাররা।





