শিক্ষা ও খেলাধুলায় শিশুদের অংশগ্রহণ বাড়াতে মেটলাইফ ও গ্লোবাল সিটিজেনের বৈশ্বিক চ্যালেঞ্জ
মেটলাইফ ও গ্লোবাল সিটিজেন যৌথভাবে ‘ফুটওয়ার্ক ফর ফিউচার্স’ নামে একটি বৈশ্বিক সামাজিক যোগাযোগমাধ্যমভিত্তিক চ্যালেঞ্জ চালু করেছে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো শিক্ষা ও খেলাধুলায় শিশু ও তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং তাদের আত্মবিশ্বাসী ও দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করা।
এই কর্মসূচির আওতায় বাংলাদেশসহ বিশ্বের যেকোনো দেশের মানুষ ফুটবল জাগলিংয়ের একটি সংক্ষিপ্ত ভিডিও তৈরি করে ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, টিকটক কিংবা এক্স (সাবেক টুইটার)-এ প্রকাশ করতে পারবেন। ভিডিও পোস্টের সময় #FootworkForFutures হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে।
আরও পড়ুন: বিসিবি নির্বাচন ২০২৬: গঠন হলো নির্বাচন কমিশন
যোগ্য প্রতিটি ভিডিও জমা পড়ার বিপরীতে মেটলাইফ ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৫ মার্কিন ডলার করে অনুদান দেবে। সর্বোচ্চ ১ লাখ মার্কিন ডলার পর্যন্ত এই অনুদান প্রদান করা হবে। এই তহবিলের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ সম্প্রসারণে কাজ করা সংগঠনগুলো সহায়তা পেয়ে থাকে।
উদ্যোগটি মেটলাইফ ফাউন্ডেশনের বৃহত্তর সামাজিক অঙ্গীকারের অংশ। এর আগে প্রতিষ্ঠানটি ফিফা গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে ৯ মিলিয়ন মার্কিন ডলার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, যা শিক্ষা ও ক্রীড়াভিত্তিক বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সহায়ক ভূমিকা রাখছে।
আরও পড়ুন: পাকিস্তানের বিপক্ষে ‘হ্যাটট্রিক’ টেস্ট জয় বাংলাদেশের
মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “ফুটবল মানুষের মধ্যে সংযোগ তৈরি করে। আর শিক্ষার সঙ্গে যুক্ত হলে এটি নতুন সুযোগ সৃষ্টির শক্তিশালী মাধ্যম হয়ে ওঠে। ফুটওয়ার্ক ফর ফিউচার্সের মাধ্যমে আমরা চাই, বাংলাদেশসহ বিশ্বের মানুষ সহজ ও আনন্দময় উপায়ে একটি অর্থবহ বৈশ্বিক উদ্যোগে অংশগ্রহণ করুক।”
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই চ্যালেঞ্জে অংশ নিতে বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন নেই। যে কেউ নিজের মতো করে ফুটবল জাগলিং বা জাগলিংয়ের চেষ্টা করে ভিডিও শেয়ার করতে পারবেন।
কর্মসূচিটি চলবে ১২ মে থেকে ১৯ জুলাই ২০২৬ পর্যন্ত অথবা নির্ধারিত অনুদানের লক্ষ্য পূরণ হওয়া পর্যন্ত।
ভিডিও জমা দেওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট সামাজিক যোগাযোগমাধ্যমের নীতিমালা ও প্রচারণার শর্তাবলি অনুসরণ করতে হবে। অনুদানের জন্য বিবেচিত হতে হলে ভিডিওতে একজন ব্যক্তিকে নিরাপদভাবে ফুটবল জাগলিং বা জাগলিংয়ের চেষ্টা করতে দেখা যেতে হবে। নির্ধারিত মানদণ্ড পূরণ না হলে গ্লোবাল সিটিজেন যে কোনো ভিডিও বাতিল করার অধিকার সংরক্ষণ করে।
অংশগ্রহণের বিস্তারিত তথ্য পাওয়া যাবে ফুটওয়ার্ক ফর ফিউচার্সের অফিসিয়াল ওয়েবসাইটে।





