ব্যাটিং বিপর্যয়ের দিনে লিটনের দুর্দান্ত সেঞ্চুরি

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ন, ১৬ মে ২০২৬ | আপডেট: ৪:৩৫ অপরাহ্ন, ১৬ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট টেস্টে ব্যাটিং ধসে পড়া বাংলাদেশের ইনিংসে একাই প্রতিরোধ গড়ে তুলেছেন লিটন কুমার দাস। দলের একের পর এক ব্যাটার ব্যর্থ হলেও দুর্দান্ত সেঞ্চুরি তুলে নিয়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহের পথে এগিয়ে নিচ্ছেন তিনি।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট। এর আগে ঢাকা টেস্ট জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল বাংলাদেশ।

আরও পড়ুন: লিটনের সেঞ্চুরিতে আড়াইশ পেরিয়ে অলআউট বাংলাদেশ

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে স্বাগতিকরা। ইনিংসের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয়।

এরপর দলীয় ৪৪ রানে ফিরে যান আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ৩৪ বলে ২৬ রান করেন তিনি।

আরও পড়ুন: সিলেটে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ

ঢাকা টেস্টে দুই ইনিংসেই অর্ধশতক পাওয়া মুমিনুল হক সিলেটে বড় ইনিংস খেলতে পারেননি। তিনি ২২ রান করে আউট হন।

প্রথম টেস্টে দারুণ ছন্দে থাকা অধিনায়ক নাজমুল হোসেন শান্তও এদিন ব্যর্থ হন। ঢাকা টেস্টে সেঞ্চুরি ও ৮৭ রানের ইনিংস খেলা শান্ত সিলেটে করেন মাত্র ২৯ রান।

দলীয় ১০৫ রানে ফিরে যান অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। প্রথম টেস্টে ৭১ ও ২২ রান করা মুশফিক এবার করেন ২৩ রান।

তার বিদায়ের পর ব্যাট হাতে ব্যর্থ হন মেহেদি হাসান মিরাজও। বাংলাদেশ দলের এই অলরাউন্ডার ৬ বলে মাত্র ৪ রান করে আউট হন। সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছে না তার। ঢাকা টেস্টের দুই ইনিংসে তিনি করেছিলেন ১০ ও ২৪ রান। এর আগে নিউজিল্যান্ডের বিপক্ষে একদিনের সিরিজেও বড় রান পাননি মিরাজ।

এমন কঠিন পরিস্থিতিতে দায়িত্ব কাঁধে তুলে নেন লিটন কুমার দাস। ধৈর্য ও আক্রমণাত্মক ব্যাটিংয়ের মিশেলে তিনি তুলে নেন অনবদ্য সেঞ্চুরি। তার এই ইনিংসেই বড় বিপর্যয় থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলাদেশ।