সন হিউং-মিনের নেতৃত্বে বিশ্বকাপে নামছে এশিয়ার দল দ. কোরিয়া
ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের অভিযান শুরু করতে যাচ্ছে এশিয়ার অন্যতম শক্তিশালী দল দক্ষিণ কোরিয়া। গ্রুপ ‘এ’-এর প্রথম ম্যাচে তারা মুখোমুখি হবে চেক প্রজাতন্ত্রের। ম্যাচটি অনুষ্ঠিত হবে মেক্সিকোর গুয়াদালাহারার এস্তাদিও চিভাস স্টেডিয়ামে।
দলের অধিনায়ক ও প্রধান ভরসা সন হিউং-মিনকে সামনে রেখে কোচ ৩-৪-৩ ফরমেশনে একাদশ সাজিয়েছেন। ৩৩ বছর বয়সী এই তারকা ফুটবলারের জন্য এটি দক্ষিণ কোরিয়ার জার্সিতে চতুর্থ বিশ্বকাপ। অনেক ফুটবল বিশ্লেষকের মতে, এটিই হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।
আরও পড়ুন: চেক প্রজাতন্ত্রকে ২–১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার আক্রমণভাগে সনের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন লি কাং-ইন ও লি জে-সাং। এই দুই মিডফিল্ডারের সৃজনশীল পারফরম্যান্সের ওপর দলের আক্রমণভাগের সাফল্য অনেকটাই নির্ভর করবে।
বিশ্বকাপ বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে দক্ষিণ কোরিয়া। পুরো বাছাইপর্বে তারা মাত্র সাতটি গোল হজম করেছে। অন্যদিকে, অধিনায়ক সন হিউং-মিন একাই করেছেন ১০টি গোল, যা তাকে এশিয়ার বাছাইপর্বের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাদের একজন হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
আরও পড়ুন: গোলশূন্য প্রথমার্ধ, একাধিক সুযোগ নষ্ট করল কোরিয়া
এশিয়ার সবচেয়ে সফল বিশ্বকাপ অংশগ্রহণকারী দল হিসেবে দক্ষিণ কোরিয়া এবারও বড় প্রত্যাশা নিয়ে টুর্নামেন্টে খেলছে। বিশ্ব র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান ২৫তম। গ্রুপ ‘এ’-এ চেক প্রজাতন্ত্রের পাশাপাশি তাদের অন্য দুই প্রতিপক্ষ সহ-আয়োজক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা।
দক্ষিণ কোরিয়ার সম্ভাব্য একাদশ:
কিম সিউং-গিউ;
লি গি-হিউক, কিম মিন-জে ও লি হান-বিওম;
সিওল ইয়াং-উ, হোয়াং ইন-বিওম, পেক সিউং-হো ও লি তে-সিওক;
লি কাং-ইন, লি জে-সাং ও সন হিউং-মিন।





