বিশ্বকাপে ঘুরে দাঁড়াবে ব্রাজিল, বিশ্বাস কাকার
বিশ্বকাপ মিশন শুরু হয়েছে ব্রাজিলের। শিরোপা প্রত্যাশী সেলেসাওরা মরক্কোর বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করবে বলে আশা করলেও ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেনি দলটি। ২০০২ সালের পর প্রথম বিশ্বকাপ শিরোপার লক্ষ্য নিয়ে মাঠে নামা ব্রাজিল শুরুতেই ১-১ গোলে ড্র করে পয়েন্ট ভাগাভাগি করেছে।
তবে এই ব্যর্থ শুরু নিয়ে হতাশ নন ব্রাজিলের সাবেক তারকা কাকা। তার বিশ্বাস, অভিজ্ঞ ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তির নেতৃত্বে দলটি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে এবং পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা আবারও শক্ত অবস্থানে ফিরবে।
আরও পড়ুন: রাফিনিয়ার হ্যাটট্রিকে প্রতিপক্ষের জালে বার্সেলোনার ৭ গোল
কাকা বলেন, “বিশ্বকাপে চাপের মুহূর্ত সামলানোর অভিজ্ঞতা আনচেলত্তির আছে, সেটাই ব্রাজিলের বড় শক্তি হতে পারে। কোনো দলই প্রথম ম্যাচে বিশ্বকাপ জেতে না।”
তিনি আরও উদাহরণ টেনে বলেন, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা গত আসরে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও পরে ঘুরে দাঁড়িয়ে শিরোপা জিতেছিল। তাই শুরুটা খারাপ হলেও পরবর্তীতে সাফল্য পাওয়া অসম্ভব নয়।
আরও পড়ুন: ২০২৮ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল মিউনিখে, ২০২৯ বার্সেলোনায়
অন্যদিকে মরক্কোর বিপক্ষে ম্যাচে ব্রাজিলের খেলায় ছন্দ ও সমন্বয়ের ঘাটতি স্পষ্ট ছিল। খেলোয়াড়দের মধ্যে একাগ্রতা ও দলগত বোঝাপড়ার অভাবও চোখে পড়ে। ইনজুরির কারণে নেইমারের পূর্ণ ফিটনেস নিয়েও অনিশ্চয়তা রয়েছে, যা দলটির জন্য বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে।
বিশ্বকাপে টিকে থাকতে হলে ব্রাজিলকে দ্রুত নিজেদের ছন্দে ফিরতে হবে এবং দলগত পারফরম্যান্সে উন্নতি ঘটাতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।





