শিরোপা না জিতেও বিশেষ আয়োজনে বীরের সম্মান পাচ্ছেন মেসিরা

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১২:৫০ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬ | আপডেট: ২:১০ অপরাহ্ন, ২২ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিশ্বকাপের শিরোপা জিততে না পারলেও আর্জেন্টিনা জাতীয় দলের প্রতি সম্মান জানাতে বিশেষ উদ্যোগ নিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। স্পেনের কাছে ফাইনালে হেরে রানার্সআপ হওয়ার পর লিওনেল মেসি, কোচ লিওনেল স্কালোনি এবং পুরো দলকে সম্মান জানাতে দেশের সব ফুটবল স্টেডিয়ামে এক মিনিট করতালি দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি।

এএফএর সভাপতি ক্লদিও তাপিয়া জানান, বিশ্বকাপ জিততে না পারলেও দলের অসাধারণ লড়াই, আত্মত্যাগ এবং টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার সাফল্যকে স্বীকৃতি জানাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: মেসিকে ছাড়াই দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেল আর্জেন্টিনা

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তাপিয়া কনমেবলকে ধন্যবাদ জানিয়ে বলেন, শুধু আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল নয়, কোপা সুদামেরিকানার প্লে-অফে অংশ নেওয়া আর্জেন্টাইন ক্লাবগুলোও জাতীয় দলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ ব্যানার বহনের অনুমতি পেয়েছে। পাশাপাশি দেশের প্রতিটি স্টেডিয়ামে এক মিনিট করতালির মাধ্যমে মেসি-স্কালোনিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হবে।

বিশ্বকাপের ফাইনালে অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। তবে দেশে ফেরার পর হাজারো সমর্থক বৃষ্টি উপেক্ষা করে বিমানবন্দরের বাইরে জড়ো হয়ে দলকে উষ্ণ অভ্যর্থনা জানান। সেই ভালোবাসার ধারাবাহিকতায় এবার আনুষ্ঠানিকভাবে জাতীয় দলকে সম্মান জানানোর সিদ্ধান্ত নিয়েছে এএফএ।

আরও পড়ুন: সমর্থকদের উদ্দেশে এনজোর আবেগঘন বার্তা