অ্যাপলের বিরুদ্ধে সিরির এআই ফিচার বিলম্ব মামলায় ২৫০ মিলিয়ন ডলারের সমঝোতা

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ন, ০৭ মে ২০২৬ | আপডেট: ৫:৫৯ অপরাহ্ন, ০৭ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ভয়েস সহকারী সিরিতে প্রতিশ্রুত কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) ফিচার সময়মতো উন্মুক্ত না করার অভিযোগে করা শেয়ারহোল্ডার মামলায় ২৫০ মিলিয়ন ডলারে সমঝোতায় পৌঁছেছে প্রযুক্তি জায়ান্ট অ্যাপল। তবে এই সমঝোতায় কোনো ধরনের দায় বা ভুল স্বীকার করেনি প্রতিষ্ঠানটি।

২০২৪ সালে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার একটি ফেডারেল আদালতে শেয়ারহোল্ডার পিটার ল্যান্ডশেফট অ্যাপলের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার সম্মেলনে সিরির জন্য একাধিক নতুন এআই ফিচার আনার ঘোষণা দিলেও পরবর্তীতে বাজারে আসা নতুন আইফোনে সেই সুবিধাগুলো ছিল না।

আরও পড়ুন: সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড ‘ক্রেয়ন ড্রয়িং’ প্রোফাইল ছবি, যেভাবে করবেন

অ্যাপল তখন জানিয়েছিল, নতুন এআই ফিচারগুলো ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উদ্যোগের অংশ হিসেবে সিরিতে যুক্ত হবে এবং নতুন আইফোনের সঙ্গে ব্যবহারকারীরা তা পাবেন। ঘোষণার ভিত্তিতে ব্যাপক প্রচারণাও চালানো হয়।

কিন্তু প্রতিশ্রুত ফিচার বাস্তবে না আসায় বিনিয়োগকারীরা বিভ্রান্ত হয়েছেন এবং এর ফলে শেয়ারহোল্ডারদের আর্থিক ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়। অভিযোগে বলা হয়, অ্যাপলের ঘোষণার সঙ্গে বাস্তব পরিস্থিতির অমিল বিনিয়োগকারীদের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।

আরও পড়ুন: টেসলা এখনো এজিআই তৈরি করছে না, আগের দাবির সঙ্গে অসামঞ্জস্য

পরবর্তীতে ২০২৫ সালে অ্যাপল জানায়, সিরির উন্নত এআই আপগ্রেড আরও বিলম্বিত হবে এবং ২০২৬ সালে তা উন্মুক্ত করা হবে। তবে এখন কোম্পানির নির্বাহীরা নিশ্চিত করেছেন, আগামী মাসে অনুষ্ঠিতব্য অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলনে নতুন সিরি ফিচার উন্মোচন করা হবে।

এই পরিস্থিতিতে মামলাটি ২৫০ মিলিয়ন ডলারে সমঝোতার মাধ্যমে নিষ্পত্তির পথে এগিয়েছে। তবে এটি কার্যকর হতে আদালতের অনুমোদন প্রয়োজন।

এক বিবৃতিতে অ্যাপল জানিয়েছে, তারা কোনো ধরনের দায় স্বীকার করেনি। প্রতিষ্ঠানটির ভাষ্য, ‘অ্যাপল ইন্টেলিজেন্স’ উদ্যোগের আওতায় ইতোমধ্যে বেশ কিছু নতুন এআই ফিচার ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। শুধুমাত্র সিরির অতিরিক্ত দুটি ফিচার বিলম্বিত হওয়াকে কেন্দ্র করেই এই মামলা করা হয়েছিল।

অ্যাপল আরও বলেছে, পণ্য উন্নয়ন ও উদ্ভাবনে পূর্ণ মনোযোগ ধরে রাখতেই তারা এই সমঝোতায় পৌঁছেছে। ব্যবহারকারীদের জন্য নতুন প্রযুক্তি ও উন্নত সেবা নিশ্চিত করাই তাদের প্রধান অগ্রাধিকার।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, বর্তমানে এআই প্রযুক্তি নিয়ে প্রতিযোগিতা তীব্র হওয়ায় প্রযুক্তি কোম্পানিগুলোর ঘোষণার সঙ্গে বাস্তবায়নের সামঞ্জস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের ঘোষণার ওপর বিনিয়োগকারীরা দ্রুত প্রতিক্রিয়া দেখান, ফলে কোনো বিলম্ব বা পরিবর্তন সরাসরি বাজারে প্রভাব ফেলে।