ঘূর্ণিঝড় ‘মিগজাউমে’ পরিণত হয়েছে গভীর নিম্নচাপ

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৩ | আপডেট: ৬:২৫ পূর্বাহ্ন, ০৩ ডিসেম্বর ২০২৩
ঘূর্ণিঝড় মিগজাউম। ছবি : উইন্ডি
ঘূর্ণিঝড় মিগজাউম। ছবি : উইন্ডি

দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে একই এলাকায় ঘূর্ণিঝড় ‘মিগজাউম’-এ পরিণত হয়েছে। 

আজ রবিবার আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

আরও পড়ুন: আসছে ‘ঝংকার’ বৃষ্টিবলয়: ঝড়-বৃষ্টির আভাস

অধিদপ্তরের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, মিগজাউমের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। এর আগে ১ নম্বর সতর্ক সংকেত ছিল।

ঘূর্ণিঝড়ের কেন্দ্রের নিকটবর্তী  এলাকায় সাগর বিক্ষুব্ধ আছে। 

আরও পড়ুন: পাঁচ বিভাগে বৃষ্টি-বজ্রপাতের সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছ ধরার ট্রলার ও নৌকা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে অবস্থান করতে বলা হয়েছে।     

আবহাওয়াবিদ ওমর ফারুক স্বাক্ষরিত বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের কেন্দ্রে ৫৪ কিলোমিটারের মধ্যে একটানা বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার; যা দমকা অথবা ঝড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘূর্ণিঝড়টি আজ সকাল ছয়টায় কক্সবাজার সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৫২৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং মোংলা ও পায়রা বন্দরের দক্ষিণপশ্চিমে এর দূরত্ব ছিল ১ হাজার ৪৫০ কিলোমিটার।

এটি আরো উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে।