আজ বায়ুদূষণের শীর্ষ স্থানে ঢাকা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:২১ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৫ | আপডেট: ৭:৪৪ পূর্বাহ্ন, ০৫ জানুয়ারী ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দিন দিন বাড়ছে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণ। ঢাকার বাতাসও দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে। সপ্তাহের প্রথম কর্মদিবসের সকালে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণের শীর্ষে রাজধানী ঢাকা।  রাজধানী ঢাকার বায়ু আজ দুর্যোগপূর্ণ। রোববার (৫ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে আইকিউএয়ার মানসূচকে এই নগরীর বায়ুর মান ৪৯৩। বায়ুর এই মানকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়। আজ বিশ্বে বায়ুদূষণে ৩৫৮ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইরাকের বাগদাদ। এরপর ভিয়েতনামের হ্যানয়ের স্কোর ২১৯।

গত ডিসেম্বর মাসের একটি দিনও নির্মল বায়ু পায়নি রাজধানীবাসী। দূষণসংক্রান্ত বিষয় নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ক্যাপসের এক জরিপে দেখা গেছে, ডিসেম্বর মাসে যত বায়ুদূষণ ছিল, তা গত ৯ বছরে সর্বোচ্চ।

আরও পড়ুন: ঢাকার তাপমাত্রা নিয়ে নতুন তথ্য দিল আবহাওয়া অফিস

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

আরও পড়ুন: মাঘের শেষভাগে ঢাকায় শীত কমছে, আকাশ আংশিক মেঘলা ও তাপমাত্রা বাড়ার আভাস

নগরীর কিছু কিছু স্থানে আজ দূষণের মান দেখলে চোখ কপালে ওঠার জোগাড়। রাজধানী ও আশপাশের তিনটি সর্বোচ্চ দূষিত এলাকার মধ্যে আছে গুলশান লেক পার্ক (৭৬৯), গুলশান-২–এর রব ভবন (৭২৮) ঢাকার মার্কিন দূতাবাস এলাকা (৭০৬)। ঢাকার বায়ুদূষণের প্রধান উপাদান হলো বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫-এর উপস্থিতি। আজ ঢাকার বাতাসে এর উপস্থিতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানমাত্রার চেয়ে ৬৪ গুণ বেশি।

বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে আইকিউএয়ার। সেই সতর্কবার্তায় নগরবাসীর উদ্দেশে আইকিউএয়ারের পরামর্শ, বাইরে বেরুলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পরতে হবে।