জড়িতদের খুঁজছে পুলিশ
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল বিস্ফোরণ
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি উদ্ধার করে বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তদন্ত শুরু করেছে পুলিশ।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল পরিদর্শন করে রাত আড়াইটার দিকে সাংবাদিকদের বিস্তারিত জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান।
আরও পড়ুন: ব্যাংক খাত পুনর্গঠনে বছরে ৬০ হাজার কোটি টাকা প্রয়োজন: গভর্নর
পুলিশের এই কর্মকর্তা জানান, দুটি মোটরসাইকেলে নয়, বরং দুই আরোহী একটি মোটরসাইকেলে ঘটনাস্থলে এসে প্রায় দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তাঁরা আশপাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এরপর দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত সেখান থেকে চলে যান।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, ওই দুই ব্যক্তি আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন। তাঁদের পরিচয় শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরও পড়ুন: ৫ হাজার চিকিৎসক নিয়োগ দিচ্ছে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
ডিসি ইবনে মিজান বলেন, ঘটনার পরপরই পুলিশ মাঠে নেমেছে। আশপাশের বিভিন্ন স্থানে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।





