রাজধানীসহ দেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, দমকা হাওয়ার আশঙ্কা

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬ | আপডেট: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৬ মার্চ ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ মার্চ) সকালে প্রকাশিত এক বিশেষ আবহাওয়া বার্তায় বলা হয়েছে, আজ ঢাকা ও আশপাশের এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে বৃষ্টি হলেও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়াবিদদের মতে, আজ দুপুর পর্যন্ত ঢাকার আকাশে মেঘের আনাগোনা দেখা যেতে পারে। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কোনো কোনো এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার আকারে বাতাসের গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে।

আরও পড়ুন: লঘুচাপের প্রভাবে পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার সকাল ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭১ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে দেশের সার্বিক আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আরও পড়ুন: ফাগুনের শেষে রাজধানীতে শিলাবৃষ্টি, স্বস্তি ফিরেছে নগরবাসীর মধ্যে

গত ২৪ ঘণ্টায় ঢাকা ও আশপাশের এলাকায় সামান্য বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া বজ্রসহ বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী কয়েক দিন অব্যাহত থাকতে পারে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর হঠাৎ বৃষ্টির সম্ভাবনায় নাগরিকদের সতর্ক থাকার এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে চলাচল করার পরামর্শ দিয়েছে।