পাঁচ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
দেশের কয়েকটি অঞ্চলে অস্থির আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ো পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত দেওয়া পূর্বাভাসে জানানো হয়, দিনের মধ্যে রংপুর, দিনাজপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে আবহাওয়ার হঠাৎ পরিবর্তন হতে পারে।
আরও পড়ুন: রাতের মধ্যে ১১ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত
আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দুপুরের মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে থাকতে পারে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত। এ পরিস্থিতিতে নদীপথে চলাচলকারী নৌযানকে সতর্ক থাকতে বলা হয়েছে।
ঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে সংশ্লিষ্ট এলাকার সব নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে ছোট নৌযানগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: উত্তর-পূর্বাঞ্চলে নয় নদীর পানি বিপৎসীমার ওপরে: হাওরাঞ্চলে দীর্ঘস্থায়ী বন্যার ইঙ্গিত
এর আগে প্রকাশিত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রামের দু-এক জায়গায় অস্থায়ীভাবে ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।





