এক মাসে তিন ঘূর্ণিঝড়ের পর বঙ্গোপসাগরে নতুন শঙ্কা, নাম হতে পারে ‘কানি’

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:২২ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এক মাসে তিনটি ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে। দক্ষিণ আন্দামান সাগরে সম্ভাব্য ঘূর্ণাবর্ত থেকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরে এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া দপ্তর (আইএমডি)। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের নাম হতে পারে ‘কানি’।

রোববার (২৯ নভেম্বর) এক বার্তায় আইএমডি জানায়, দক্ষিণ আন্দামান সাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে। এটি ৩০ নভেম্বরের মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে লঘুচাপে পরিণত হতে পারে। পরবর্তী সময়ে অনুকূল আবহাওয়া পেলে লঘুচাপটি আরও শক্তিশালী হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: ঢাকার আবহাওয়া আজ কেমন থাকবে? তাপমাত্রা নিয়ে নতুন পূর্বাভাস

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ১ থেকে ৪ ডিসেম্বরের মধ্যে বঙ্গোপসাগরের আবহাওয়া পরিস্থিতি আরও উত্তাল হয়ে উঠতে পারে। প্রাথমিক ধারণা অনুযায়ী, সম্ভাব্য ঘূর্ণিঝড়টি শ্রীলঙ্কা ও ভারতের তামিলনাড়ু উপকূলের দিকে অগ্রসর হতে পারে। তবে এর গতিপথ পরিবর্তিত হলে ভারতের উড়িষ্যা, পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

সম্ভাব্য লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে ‘কানি’। নামটি প্রস্তাব করেছে মালদ্বীপ। এটি উপকূলীয় অঞ্চলে পাওয়া বিশেষ এক ধরনের গাছের নামের সঙ্গে সম্পর্কিত। তবে এখনো ঘূর্ণিঝড় সৃষ্টি নিশ্চিত হয়নি। এটি লঘুচাপে পরিণত হওয়া এবং পরবর্তী সময়ে শক্তিশালী হওয়ার ওপরই পরিস্থিতি নির্ভর করছে।

আরও পড়ুন: দেশজুড়ে বইছে শীতের আমেজ

এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাব মোকাবিলায় ভারতের উড়িষ্যা রাজ্যে নেওয়া হচ্ছে নানা প্রস্তুতি। রাজ্যটির রাজস্বমন্ত্রী সুরেশ পূজারি জানিয়েছেন, গত ১০ বছরে ১৩টি ঘূর্ণিঝড়ে উড়িষ্যায় প্রায় ১৫ হাজার ৪৫৭ কোটি রুপির ক্ষয়ক্ষতি হয়েছে।

তিতলি, ফণী, বুলবুল, আম্ফান, ইয়াস ও দানার মতো ঘূর্ণিঝড়ের পর চলতি বছরও অর্ণব, মুরাসু ও আকভান নামের ঘূর্ণিঝড় আঘাত হেনেছে বলে উল্লেখ করেন তিনি। এসব দুর্যোগে রাজ্যের উপকূলীয় জেলাগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

মন্ত্রী জানান, ঘূর্ণিঝড়ের কারণে ১৫৬ জন মানুষের পাশাপাশি ৫৫ লাখ ৬৩ হাজার গবাদিপশু ও পাখির মৃত্যু হয়েছে। বিধ্বস্ত হয়েছে প্রায় ৮ লাখ ২০ হাজার ঘরবাড়ি। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে উড়িষ্যা সরকার ৮৮০টি আশ্রয়কেন্দ্র তৈরি করেছে। পাশাপাশি সতর্কবার্তা পৌঁছে দিতে চালু করা হয়েছে অ্যাপ ও অ্যালার্ট সিস্টেম।

এ ছাড়া দুর্যোগে প্রাণহানির ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ক্ষতিপূরণের পরিমাণ চার লাখ রুপি থেকে বাড়িয়ে আট লাখ রুপি করা হয়েছে। তবে ত্রাণ সহায়তার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছ থেকে প্রয়োজনের তুলনায় মাত্র ৩০ শতাংশ সহায়তা পাওয়া গেছে বলে অভিযোগ করেছেন রাজ্যটির রাজস্বমন্ত্রী।

বঙ্গোপসাগরে নতুন করে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনায় আঞ্চলিক আবহাওয়া পরিস্থিতির দিকে নজর রাখছেন আবহাওয়াবিদরা। তবে সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ, শক্তি ও উপকূলে আঘাত হানার বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলার সুযোগ নেই।