সোহরাওয়ার্দী উদ্যান থেকে সরে নয়াপল্টনে বিএনপির সমাবেশ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:৫৪ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:২২ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিজয়ের মাস ডিসেম্বরের কর্মসূচি শুরু করতে বড় সমাবেশের প্রস্তুতি নিয়েছিল বিএনপি। তবে শেষ মুহূর্তে পরিবর্তন এসেছে সমাবেশের ভেন্যুতে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে আগামী ১ ডিসেম্বর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উদ্বোধনী সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলটি। রোববার (২৯ নভেম্বর) সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য জানান।

রিজভী বলেন, এর আগে ১ ডিসেম্বরের সমাবেশের স্থান হিসেবে সোহরাওয়ার্দী উদ্যান ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেখানে বর্তমানে উন্নয়ন ও বৃক্ষকেন্দ্রিক বিন্যাসের কাজ চলমান থাকায় সমাবেশ আয়োজন করা সম্ভব হচ্ছে না। এ কারণে স্থান পরিবর্তন করে নয়াপল্টনে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও পড়ুন: নাশকতা ঠেকাতে সর্বাত্মক প্রস্তুতি

তিনি জানান, নয়াপল্টনে পল্টন কমিউনিটি সেন্টারের সামনে পশ্চিমমুখী করে মূল মঞ্চ নির্মাণ করা হবে। অর্থাৎ মঞ্চের সামনে থাকবে বিজয়নগরের দিক।

সংবাদ সম্মেলনে দেশের চলমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রুহুল কবির রিজভী। তিনি অভিযোগ করেন, পরাজিত একটি শক্তি দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, পেট্রোল নিক্ষেপ, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ডের মতো ঘটনা ঘটাচ্ছে।

আরও পড়ুন: মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত

আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, বেআইনি অস্ত্র ব্যবহার করে বিভিন্ন এলাকায় তাণ্ডব, মানুষের বাড়িঘর, দলীয় কার্যালয় ও ব্যাংকে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে বাহিনীগুলোকে আরও তৎপর হতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

রিজভী আরও বলেন, আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক তৎপর না থাকলে দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নের মুখে পড়তে পারে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও প্রশাসনকে সহযোগিতা করতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো প্রস্তুত রয়েছে।

সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচি নিয়ে প্রশ্ন করা হলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান রিজভী।

তিনি বলেন, দেশে কোনো লকডাউন নেই, সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো বেআইনি বা সন্ত্রাসী সংগঠনের কথা বলে লকডাউনের প্রশ্ন তোলা দুঃখজনক। সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিএনপি রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিবেচনা করে না বলেও জানান তিনি।

এর আগে শনিবার (২৮ নভেম্বর) বিএনপির মিডিয়া সেল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, ১ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে দলটি। বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন এবং সাংস্কৃতিক অনুষ্ঠানকে কেন্দ্র করে এ আয়োজনের পরিকল্পনা করা হয়েছিল।

ওই বিজ্ঞপ্তিতে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিত থাকার কথা জানানো হয়। সমাবেশ শুরু হওয়ার কথা ছিল বেলা ২টায়।

শনিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর ও জেলার বিভিন্ন আসনের দলীয় সংসদ সদস্য ও প্রার্থী, মহানগর ও জেলার শীর্ষ নেতা এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধনী আয়োজনের বিস্তারিত তুলে ধরেছিলেন রুহুল কবির রিজভী।

তবে সোহরাওয়ার্দী উদ্যানে উন্নয়নকাজ চলমান থাকায় শেষ পর্যন্ত সমাবেশের স্থান পরিবর্তন করে নয়াপল্টন নির্ধারণ করেছে বিএনপি। ফলে ১ ডিসেম্বর বিজয়ের মাসের কর্মসূচির উদ্বোধনী সমাবেশ অনুষ্ঠিত হবে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে।