ন্যূনতম মজুরি মেনে নিয়ে সাভার-আশুলিয়ায় কাজে ফিরলেন পোশাক শ্রমিকরা

Sadek Ali
সাভার (আশুলিয়া) প্রতিনিধি
প্রকাশিত: ১:১৩ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬ | আপডেট: ২:২২ অপরাহ্ন, ২৯ নভেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত মেনে নিয়ে সাভার-আশুলিয়া শিল্পাঞ্চলের পোশাক কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। 

নতুন মজুরি কাঠামো নিয়ে শ্রমিকদের মধ্যে থাকা অসন্তোষ অনেকটাই কমে আসায় শিল্পাঞ্চলে ফিরেছে স্বাভাবিক কর্মপরিবেশ। শ্রমিকদের স্বাভাবিক উপস্থিতিতে অধিকাংশ কারখানায় চলছে উৎপাদন কার্যক্রম।

আরও পড়ুন: কুলাউড়ায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

রোববার (২৯ নভেম্বর) সকাল থেকেই সাভার ও আশুলিয়ার বিভিন্ন শিল্পকারখানার সামনে শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা যায়। নির্ধারিত সময়ে কারখানায় প্রবেশ করে নিজ নিজ কাজে ব্যস্ত হয়ে পড়েন তারা। কোথাও কোনো বড় ধরনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ কিংবা কর্মবিরতির খবর পাওয়া যায়নি।

শ্রমিকদের সঙ্গে কথা বলে জানা যায়, দীর্ঘদিনের আন্দোলন ও দাবির পর নতুন মজুরি কাঠামো নির্ধারণ হওয়ায় তারা অনেকটাই স্বস্তি অনুভব করছেন। তবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে সংসার চালাতে নতুন বেতন কাঠামো যথেষ্ট কি না, তা নিয়েও অনেকের মধ্যে প্রশ্ন রয়েছে। শ্রমিকদের প্রত্যাশা, নির্ধারিত বেতন যেন যথাসময়ে পরিশোধ করা হয় এবং অন্যান্য সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হয়।

আরও পড়ুন: সাভার-আশুলিয়ায় পার্কিং করা দুই বাসে আগুন

এক পোশাক শ্রমিক বলেন, আমরা কাজ করে পরিবার চালাতে চাই। নতুন মজুরি কাঠামো মেনে কাজে ফিরেছি। তবে বাজারে সবকিছুর দাম বেশি। তাই বেতন সময়মতো দেওয়া এবং শ্রমিকদের অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করা জরুরি।

অন্য এক শ্রমিক জানান, কারখানায় স্বাভাবিক পরিবেশ ফিরে আসায় তারা খুশি। কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই কাজ করতে চান তারা।

এদিকে শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। শিল্প পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।