‘জাল ভোট পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে’

Abid Rayhan Jaki
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৪:৫৯ অপরাহ্ন, ১৮ মে ২০২৪ | আপডেট: ১:৩২ অপরাহ্ন, ১৮ মে ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন কেন্দ্র দখল তো দূরের কথা, একটা ভোট জাল পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে।

শনিবার (১৮ মে) দুপুরে ঝালকাঠি শিল্পকলা একাডেমিতে দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে হওয়া এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প

ইসি আহসান হাবিব বলেন, ‘কেন্দ্র দখল তো দূরের কথা, একটা ভোট জাল পড়লেই কেন্দ্র বন্ধ করে দেওয়া হবে। পেশি শক্তি এবং কালো টাকা দিয়ে কেউ প্রভাব বিস্তার কিংবা ঝামেলা করতে চাইলে পুলিশকে ডাকবেন, তারা ব্যর্থ হলে ভোটগ্রহণ বন্ধ করে সেই সব কেন্দ্রে পরে আলাদা করে ভোটের নেওয়া হবে।’

ইসি আহসান হাবিব বলেন, ‘ভোটার উপস্থিতি বাড়তে স্ব স্ব এলাকায় ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হবে। যাতে করে ভোটাররা নির্ভয়ে কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।’

আরও পড়ুন: বেআইনি বরখাস্তের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল

শনিবার বেলা ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। বরিশাল, ঝালকাঠি ও পিরোজপুর জেলার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা উপস্থিত ছিলেন এ সভায়।

সভায় ইসি আহসান হাবিব বলেন, ‘সব প্রার্থীই আমার কাছে সমান। যেকোনো মূল্যে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করা হবে। কোনো প্রার্থী আচরণবিধি লঙ্ঘন বা নির্বাচনী অপরাধ করলে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঝালকাঠির জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুমের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন বরিশালের জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম, পিরোজপুরের জেলা প্রশাসক জাহিদুর রহমান ও বরিশাল র‌্যাব-৮ এর অধিনায়ক কর্নেল জুবায়ের আলম শুভ।

এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে নির্দেশ দেন ইসি আহসান হাবিব খান।