বেআইনি বরখাস্তের প্রতিবাদে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ মিছিল
বেআইনিভাবে বরখাস্ত করা শ্রমিকদের পুনর্বহাল, হয়রানি বন্ধ এবং বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা পরিচালনার দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন গার্মেন্টস শ্রমিকরা।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির ব্যানারে আশুলিয়া বাইপাইল মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
আরও পড়ুন: ঢাকাসহ বিভিন্ন এলাকায় ৫.৩ মাত্রার ভূমিকম্প
বক্তারা জানান, জন-রন সোয়েটার্স লিমিটেড দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে পরিচালিত হলেও সম্প্রতি সেখানে শ্রম আইনবহির্ভূত কার্যক্রম বাড়ছে। শ্রমিকদের অভিযোগ, ন্যায্য দাবি তুলে ধরতে গত ১৮ ফেব্রুয়ারি কারখানা কর্তৃপক্ষের কাছে গেলে লিংকিং সেকশনের এপিএম মাহাবুব অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং বহিরাগত লোকজন দিয়ে ভয়ভীতি প্রদর্শন করা হয়।
এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো সমাধান না করে ২৩ ফেব্রুয়ারি কারখানার গেটে কয়েকজন শ্রমিকের নাম, পদবি, কার্ড নম্বর ও ছবি সংবলিত নোটিশ টানানো হয়। শ্রমিকদের দাবি, এটি ব্যক্তিগত তথ্য প্রকাশের মাধ্যমে ডিজিটাল নিরাপত্তা আইনের স্পষ্ট লঙ্ঘন।
আরও পড়ুন: সিংগাইরে ডিবির ওপর হামলা, হাতকড়াসহ আসামি ছিনতাই
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জাতীয় গার্মেন্ট শ্রমিক ইউনিটির কেন্দ্রীয় সভাপতি ফরিদুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন আশুলিয়া থানা কমিটির সভাপতি নাজমুল হক। সংহতি বক্তব্য রাখেন শ্রমিক নেতা মাসুদ রানা সুলতান। এছাড়া ভুক্তভোগী শ্রমিক মো. শিমুল, মো. স্বপন মিয়া ও মো. রুবেল তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে ফরিদুল ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, শ্রমিকরা ন্যায্য দাবি জানালেই হুমকি, ভয়ভীতি ও নির্যাতনের শিকার হচ্ছেন। অবিলম্বে এসব অনিয়ম বন্ধ না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।





