নবীগঞ্জে সেনা অভিযানে মদ ও নগদ টাকা উদ্ধার, আটক পাঁচ

Sadek Ali
‎‎স্বপন রবি দাশ, নবীগঞ্জ
প্রকাশিত: ১১:৪৯ পূর্বাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:১১ অপরাহ্ন, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‎‎হবিগঞ্জের নবীগঞ্জে সেনাবাহিনীর পরিচালিত মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ দেশীয় মদ, নগদ টাকা, চেক বই ও মোবাইল ফোনসহ পাঁচজনকে আটক করা হয়েছে।

‎‎রবিবার রাতে বাংলাদেশ সেনাবাহিনীর বানিয়াচং আর্মি ক্যাম্পের একটি দল নবীগঞ্জ পৌর এলাকার পশ্চিম তিমিরপুর ও চরগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করে।

আরও পড়ুন: চট্টগ্রামের হালিশহরে বাসায় গ্যাস বিস্ফোরণ: শিশুসহ দগ্ধ ৭

‎‎সেনাবাহিনী সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে স্থানীয় চন্দন রাউথ ও রামচন্দ্র দেব পরিচালিত দুটি মদের দোকানে অভিযান চালানো হয়। অভিযানকালে দোকান মালিকরা পলাতক থাকলেও মদ্যপ অবস্থায় পাঁচজনকে আটক করা হয়।

‎‎অভিযানে ১ কার্টন কেরু মদ, এক লিটারের ২ হাজার ৪৬টি বোতল, ২৫০ মিলিলিটারের ১৪০টি বাংলা মদের বোতল, নগদ ৩৪ হাজার ৮৪৫ টাকা, তিনটি চেক বই ও আটটি মোবাইল ফোন জব্দ করা হয়।

আরও পড়ুন: নড়াইলে দুপক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

‎‎আটক ব্যক্তিরা হলেন-তিমিরপুর গ্রামের চিত্ত রঞ্জন সরকার (৪৫), খানকারীপাড়া গ্রামের মো. সাদিক (৩১), চরগাঁও গ্রামের আশিকুর রহমান (৪০), পাটুলি গ্রামের বিধান রায় (৩৫) এবং ফিরোজপুর গ্রামের নজরুল ইসলাম (৩৭)।

‎‎অভিযান শেষে সেনাবাহিনী আটক ব্যক্তিদের ও জব্দ করা মালামাল নবীগঞ্জ থানায় হস্তান্তর করে।

‎‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া বলেন, “আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”