কাপাসিয়ায় বর্ণাঢ্য আয়োজনে ‘কাব কার্নিভাল ২০২৫’ অনুষ্ঠিত
বাংলাদেশ স্কাউটস, কাপাসিয়া উপজেলা শাখার আয়োজনে এবং প্রোগ্রাম বিভাগের ব্যবস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠিত হলো কাব স্কাউটদের প্রাণের উৎসব ‘কাব কার্নিভাল ২০২৫’। সোমবার (২৩ জুন) কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে এই কার্নিভাল অনুষ্ঠিত হয়।
কাব কার্নিভালে অংশগ্রহণ করেন উপজেলার ৩০টি প্রাথমিক বিদ্যালয়ের ১'শ ৮০ জন শিক্ষার্থী, অভিভাবক, উপজেলার ইউনিট লিডার, উডব্যাজার এবং উপজেলা স্কাউট কমিটির সদস্যবৃন্দ। দেশব্যাপী আয়োজিত কাব কার্নিভালের একযোগে উদ্বোধন করেছেন অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ ইউনুস। সারা দেশে ৫২৭টি জায়গায় একযোগে এই কার্নিভাল শুরু হয়েছে। তাছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা স্কাউট কমিটির মাধ্যমে প্রোগ্রামটি বাস্তবায়ন করা হয়।
আরও পড়ুন: শ্রীপুর উপজেলা নির্বাচনে আলোচনায় মাহফুল হাসান হান্নান
অনুষ্ঠানে প্রধান অতিথি কাপাসিয়া উপজেলা নির্বাহী অফিসার ও স্কাউট সভাপতি ডা. তামান্না তাসনীম সকাল ১০টায় জাতীয় পতাকা এবং উপজেলা স্কাউট কমিশনার মো. মোবারক হোসেন প্রধান ও সম্পাদক ওমর ফারুকের স্কাউট পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্কাউট কমিটির সভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, জেলা সম্পাদক আব্দুস সাত্তার, কাপাসিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদুল হক, ওসমান গনি , আমজাদ হোসেন, পাপড়ি, তোফাজ্জল হোসেন প্রমুখ।
দিনব্যাপী কাব কার্নিভালে ৬টি আকর্ষণীয় স্টেশনভিত্তিক প্রতিযোগিতা- তীর নিক্ষেপ, টার্গেট হিট, বালতিতে বল ছোড়া, মাছ শিকার, আইন নৃত্য এবং রিং ছোড়া। এ সকল ক্রীড়া ও শিক্ষামূলক কার্যক্রমে কাব স্কাউটরা আনন্দের পাশাপাশি নেতৃত্ব, মনঃসংযোগ ও সহনশীলতার চর্চা করার সুযোগ পায়।
আরও পড়ুন: শ্রমিক থেকে শ্রমিক আন্দোলনের অগ্রনায়ক ফরিদুল ইসলাম ফরিদ
অনুষ্ঠানে অতিথিরা বলেন, কাব কার্নিভাল হচ্ছে কাবিং এর একটি বিশেষ প্যাক মিটিং। কাব কার্নিভাল আনন্দদায়ক, উত্তেজনাপূর্ণ, শিক্ষামূলক এবং প্রতিযোগিতামূলক একটি অনুষ্ঠান। এতে শিশুদের চরিত্র গঠন ও নেতৃত্ব বিকাশে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাব কার্নিভালের মতো আয়োজনগুলো শিশুদের মাঝে আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও সৃজনশীলতা বাড়ায়।





