গণগ্রেপ্তারের অভিযোগে কোটালীপাড়ায় বিএনপির সংবাদ সম্মেলন

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ৭:০৩ অপরাহ্ন, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

‘জুলাই পদযাত্রা’কে কেন্দ্র করে দফায় দফায় এনসিপি নেতাদের উপর হামলার ঘটনার পর থেকে গোপালগঞ্জের কোটালীপাড়ায় নিরীহ সাধারণ মানুষকে ‘হয়রানি ও গণগ্রেপ্তার’ করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি।

রোববার (২০ জুলাই) উপজেলার ঘাঘর বাজারের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়। উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও ছাত্রদল ও যুবদল সংবাদ সম্মেলনটি আয়োজন করে।

আরও পড়ুন: পটুয়াখালীতে ৩টি স্কুলের ৮০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সনদপত্র ও পুরস্কার প্রদান

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন বলেন, গত বুধবার উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরা কোটালীপাড়া-পয়সারহাট সড়ক বন্ধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। তারা সড়কের বিভিন্ন স্থানে গাছ কেটে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেন।

এ ঘটনায় কোটালীপাড়া থানার পুলিশ ১৫৫ জনের নাম উল্লেখ ও ১ হাজার ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করে জানিয়ে এস এম মহিউদ্দিন বলেন, এ মামলায় উপজেলার সাধারণ মানুষকে গ্রেপ্তারের নামে হয়রানি করা হচ্ছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি।

আরও পড়ুন: ১৫ হাজার শ্রমিকের কর্মসংস্থান করলো আবুল খায়ের গ্রুপ

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার বলেন, আমরা যতটুকু জানতে পেরেছি, এই মামলায় অধিকাংশ আসামিই সাধারণ মানুষ। বেশিরভাগই রাজনীতির সঙ্গে জড়িত না।

তিনি প্রশ্ন করেন, তাহলে কীভাবে, কাদের মদদে এই নিরীহ মানুষদের আসামি করা হলো?

পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার পুলিশের উদ্দেশে বলেন, বিক্ষোভের সময় সেখানে আপনারা উপস্থিত ছিলেন। কিন্তু তখন একজন ব্যক্তিকেও আপনারা আটক করতে পারেননি। আপনাদের কাছে তো ভিডিও আছে। আপনারা এই ভিডিও দেখে আসামি করে গ্রেপ্তার করতে পারতেন।   কিন্তু আপনারা তা না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করছেন। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তিনি আরও বলেন, আমরা মানুষের জন্য রাজনীতি করি। আপনারা যদি সেই মানুষদের হয়রানি করেন তা হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এর প্রতিরোধ করব।

সংবাদ সম্মেলনে পৌর বিএনপির সভাপতি ইউছুপ আলী দাঁড়িয়া, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক শেখ ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের সদস্যসচিব মান্নান শেখ, ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ উপস্থিত ছিলেন।

গণগ্রেপ্তার বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেন, জেলা আইনশৃঙ্খলার সভায় পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করার পাশাপাশি নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে হয়রানি না করার নির্দেশনা দেওয়া হয়েছে।