খুলনা ও বরিশালে চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি সেবা
বাংলাদেশ পুলিশের ডিজিটালাইজেশন কার্যক্রমের ধারাবাহিকতায় খুলনা ও বরিশাল রেঞ্জসহ মেট্রোপলিটন এলাকায় চালু হচ্ছে সকল ধরনের অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) সেবা। আগামীকাল সোমবার (২১ জুলাই) থেকে খুলনা ও বরিশাল রেঞ্জের সকল জেলার থানাসমূহ এবং খুলনা ও বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীনস্থ সকল থানায় এ সেবা চালু হবে। নতুন করে যুক্ত হওয়া এ দুটি রেঞ্জ ও মেট্রোর অধীনে রয়েছে মোট ১২২টি থানা।
এর আগে শুধু হারানো ও প্রাপ্তি সংক্রান্ত জিডি অনলাইনে করার সুযোগ থাকলেও, বর্তমানে দেশের বিভিন্ন রেঞ্জ ও মেট্রোপলিটন এলাকায় সকল ধরনের জিডি করা যাচ্ছে অনলাইনে। ইতোমধ্যে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, রাজশাহী ও রংপুর রেঞ্জ এবং সংশ্লিষ্ট মেট্রোপলিটন পুলিশের আওতাধীন মোট ৪৫৭টি থানায় এই সুবিধা চালু রয়েছে।
আরও পড়ুন: পটুয়াখালীর বাউফলে হত্যাকাণ্ড: রতনসহ ৬ জন গ্রেফতার, অস্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন
বাংলাদেশ পুলিশের প্রধান উপদেষ্টার নির্দেশনায় এবং জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা সহজভাবে পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
অনলাইন জিডি সেবাটি ব্যবহারের জন্য ‘অনলাইন জিডি’ (Online GD) নামের একটি অ্যাপ গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। অ্যাপটি ডাউনলোড করে একবার রেজিস্ট্রেশন করলেই নাগরিকগণ ঘরে বসেই প্রয়োজনীয় জিডি করতে পারবেন। একাধিকবার রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না।
আরও পড়ুন: টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে শিশুর মর্মান্তিক মৃত্যু
রেজিস্ট্রেশন বা অনলাইন জিডি সংক্রান্ত যেকোনো সমস্যা বা জিজ্ঞাসার জন্য ০১৩২০০০১৪২৮ নম্বরে যোগাযোগ করা যাবে, যা ২৪ ঘণ্টা চালু রয়েছে।
বাংলাদেশ পুলিশ জানিয়েছে, আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুততম সময়ে ও সহজভাবে জনগণের কাছে পুলিশি সেবা পৌঁছে দেওয়াই তাদের মূল লক্ষ্য।





