চট্টগ্রামে অটোরিকশা জব্দে বাধা, মবের হামলায় আহত পুলিশ সদস্য
চট্টগ্রাম নগরীতে ব্যাটারিচালিত একটি অটোরিকশা আটককে কেন্দ্র করে মব হামলায় নজরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে পতেঙ্গা থানার কাটগড় এলাকার বিমানবন্দর সড়কে এ ঘটনা ঘটে।
নগর পুলিশের ট্রাফিক বিভাগের বন্দর জোনে রেকার অপারেটর হিসেবে কর্মরত কনস্টেবল নজরুল আহত অবস্থায় স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
আরও পড়ুন: ঝুম বৃষ্টির মধ্যেই শোলাকিয়ায় অনুষ্ঠিত হলো ১৯৯তম ঈদুল আজহার জামাত
পুলিশ জানায়, দুপুরে বিমানবন্দর সড়কের কাটগড় মোড়ে দায়িত্ব পালনকালে সার্জেন্ট ও কনস্টেবল নজরুল একটি ব্যাটারিচালিত অটোরিকশা আটক করেন। জব্দ করা অটোরিকশাটি থানা নিয়ে যাচ্ছিলেন নজরুল। এ সময় ৫০-৬০ জন অটোরিকশা চালক সংঘবদ্ধ হয়ে নজরুলকে ঘিরে ফেলে। তারা গাড়ি ভাঙচুর করে এবং নজরুলকে পিটিয়ে অটোরিকশাটি ছিনিয়ে নেয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “ব্যাটারিচালিত অটোরিকশাচালকরা এক ট্রাফিক কনস্টেবলের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। ছিনিয়ে নেওয়া অটোরিকশাটি উদ্ধারের চেষ্টা চলছে।”
আরও পড়ুন: গোপালগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৫
পুলিশ ঘটনাটিকে একটি সংঘবদ্ধ হামলা হিসেবে তদন্ত করছে বলে নিশ্চিত করেছে।





