পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ ছেলেকে পুলিশে দিলেন বাবা
পিরোজপুরের নাজিরপুরে গাঁজাসহ পিতা তার সন্তানকে হাতেনাতে ধরে নাজিরপুর থানায় ফোন দিলে ওই যুবককে তাদের নিজ বসতঘর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ওই যুবকের বাবার দেওয়া তথ্যমতে (৯ নভেম্বর রোববার) সন্ধ্যা ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে ওই যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ধারা ৩৬/৫ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শপথ বৈরাগী।
আরও পড়ুন: রাষ্ট্রপতি পদক পেলেন টাঙ্গাইলের পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার
মাদকাসক্ত যুবক উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের বুড়িখালী এলাকার আনসার শেখের ছেলে। গাঁজা সেবনের পাশাপাশি নাঈম মাদক বিক্রির সঙ্গেও দীর্ঘদিন ধরে জড়িত রয়েছেন বলে পরিবারের বরাতে জানিয়েছে পুলিশ।
নাজিরপুর থানা পুলিশের উপসহকারী পুলিশ পরিদর্শক মোঃ সাজেদুর রহমান জানান, নাঈম শেখ দীর্ঘদিন ধরে গাঁজা সেবনে আসক্ত। পাশাপাশি খুচরা বিক্রিও করেন। তাঁর অত্যাচারে পরিবারের লোকজন অতিষ্ঠ ছিলেন। গাঁজা সেবন ও বিক্রিতে বাধা দিলে পরিবারের সদস্যদের মারধরের পাশাপাশি জিনিসপত্র ভাঙচুর করতেন নাঈম। নাঈমের বাবা বাধা দিলে না শুনলে তিনি স্থানীয় চৌকিদার মোঃ এনামুল হককে খবর দেন। পরে এনামুল হক পুলিশকে খবর দেন। এ সময় নাজিরপুর থানা পুলিশের একটি টিম এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী ঘটনাস্থলে গিয়ে নাঈমকে গ্রেপ্তার করেন এবং মোবাইল কোর্টের মাধ্যমে তাঁকে ১ মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
আরও পড়ুন: পুলিশকে নিষ্ক্রিয় করতে বিতর্ক সৃষ্টির চেষ্টা চলছে : তথ্য প্রতিমন্ত্রী
নাজিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শপথ বৈরাগী জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ধারা ৩৬/৫ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা দেওয়া হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ আল মাহামুদ ভূঁইয়া জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে একটি ফোর্স পাঠানো হয়। সেখানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)। অভিযুক্ত ব্যক্তিকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।





