সেন্টমার্টিনের দক্ষিণে ১৩ বাংলাদেশি জেলেকে আটক করেছে আরাকান আর্মি
সেন্টমার্টিনের দক্ষিণ বঙ্গোপসাগরে মাছ শিকার করতে যাওয়া দুইটি ট্রলারসহ ১৩ জন বাংলাদেশি জেলেকে ধরে নিয়েছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে কক্সবাজারের টেকনাফ পৌরসভার কায়ুকখালী বোটমালিক সমিতির সভাপতি সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, তার ঘাটের দুটি ট্রলার সাগরে মাছ শিকারে যায়। এ সময় সেন্টমার্টিনের দক্ষিণে আরাকান আর্মির সদস্যরা ট্রলারসহ ১৩ জন জেলেকে ধরে নিয়ে যায়। একটি ট্রলারের মালিক শনাক্ত হলেও অন্য ট্রলারের মালিক এখনও চিহ্নিত হয়নি।
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
মিয়ানমারভিত্তিক সংবাদমাধ্যম গ্লোবাল আরাকান নেটওয়ার্ক জানিয়েছে, গত ২৮ অক্টোবর আরাকান আর্মির উপকূলীয় নিরাপত্তা ইউনিট সমুদ্রপথে টহল জোরদার করে। টহলের সময় জলসীমা অতিক্রম করে মাছ ধরতে থাকা কয়েকটি বাংলাদেশি ট্রলার শনাক্ত করা হয়। চলতি বছরের জানুয়ারি থেকে ১৮ জুলাই পর্যন্ত প্রায় ১৮৮ জন বাংলাদেশি জেলে ও ৩০টি নৌকা আটক করে পরবর্তীতে মুক্তি দেওয়া হয়েছিল। তবে এবার আইন অমান্য করায় নতুনভাবে এসব ট্রলার আটক করা হয়েছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, ট্রলারসহ কিছু জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি ট্রলার মালিকদের কাছ থেকে জানা গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং আটক জেলেদের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: চাঁদপুরে জনসংখ্যা দিবস পালিত





