সিলেটের কোম্পানীগঞ্জে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:০২ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১:০২ পূর্বাহ্ন, ২০ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার দমদমা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) দুই বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে। নিহতরা হলেন আশিকুর (১৯) ও মোশাঈদ (২২)।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার উত্তর রণিখাই ইউনিয়নের দমদমা সীমান্তে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। আশিকুর, দমদমা সীমান্তের পূর্ব তুরুং গ্রামের বুরান উদ্দীনের ছেলে এবং মোশাঈদ একই গ্রামের মৃত রব মিয়ার ছেলে।

আরও পড়ুন: হরিরামপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, দমদমার ১২৬০ মেইন পিলারের ২ নং সাব পিলারের ৬০০ গজ ভারতের অভ্যন্তরে ‘পরিহাট’ এলাকায় লাকড়ি আনতে গিয়ে আশিকুরকে বিএসএফের খাসিয়ার গুলিতে মারা যায়। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

একই সময়ে ভারতের দমদমা সীমান্তের কাছাকাছি রাদনে এলাকায় মোশাঈদকে (২২) গুলি করে হত্যা করে বিএসএফ। সূত্র জানায়, নিহত মোশাঈদের লাশ বর্তমানে ভারতের টোকা ক্যাম্পে বিএসএফের হেফাজতে রয়েছে। বিজিবিকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হয়েছে, একজন বাংলাদেশি নিহত হয়েছে।

আরও পড়ুন: সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বিজিবির বরাত দিয়ে বলেন, “সীমান্তের ওপারে বিএসএফ ও খাসিয়ার গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। আশিকুরের লাশ বাংলাদেশে এসেছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। অন্যজনের লাশ আনতে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে।”