শ্রীপুরে খেলাফত মজলিসের অর্ধশতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

Sanchoy Biswas
বশির আহমেদ কাজল, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৬:১৯ অপরাহ্ন, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৫৪ অপরাহ্ন, ০৫ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে খেলাফত মজলিসের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তারের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে শ্রীপুর উপজেলার বরমী বাজারে অবস্থিত বরমী জামিয়া আনওয়ারীয়া মাদ্রাসার হলরুমে বিএনপি নেতা আক্তারুজ্জামান শামীম ও ওলামা দলের নেতা মাওলানা শরীফুল ইসলামের পরিচালনায় কেন্দ্রীয় বিএনপির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চুর হাতে ফুল দিয়ে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুর পুলিশের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের হাতাহাতি, ওসিসহ আহত ১০

বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন খেলাফত মজলিস শ্রীপুর উপজেলা শাখার সভাপতি আব্দুস ছাত্তার, হেফাজতে ইসলামের উপজেলা সিনিয়র সহ-সভাপতি মোশাররফ হোসেন, বরমী আনওয়ারীয়া মাদ্রাসার মুহতামিম মুফতি আশেকে মোস্তফা, খেলাফত মজলিসের সদস্য ইকবাল হোসেনসহ আরও অনেকে।

এ সময় আব্দুস ছাত্তার বলেন, দীর্ঘ আন্দোলন ও রক্তক্ষয়ের মাধ্যমে স্বৈরাচার বিদায় হলেও আমাদের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। যারা ইসলামী রাষ্ট্র কায়েমের কথা বলে, বাস্তবে তারা আলেম সমাজের পাশে নেই। তুলনামূলকভাবে বিএনপিই আলেম সমাজকে সবচেয়ে বেশি সম্মান দেয়। সে কারণেই আমরা অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে বিএনপির পতাকাতলে শামিল হয়েছি।

আরও পড়ুন: বিসিবি নির্বাচন ঘিরে অভিযোগের তদন্ত প্রতিবেদন জমা পড়েছে- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

অনুষ্ঠানে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, খেলাফত মজলিসের উপজেলা শাখার সভাপতির নেতৃত্বে অর্ধশতাধিক আলেম ও নেতাকর্মীর বিএনপিতে যোগদান সত্যিই আনন্দের। বিগত সরকারের আমলে আলেম সমাজ সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। আগামী নির্বাচনে বিএনপি বিজয়ী হলে আলেম সমাজ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা ও সম্মান পাবে।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাও. এস এম রুহুল আমীন, শেখ আব্দুর রাজ্জাক, এস এম মাহফুল হাসান হান্নান, অ্যাড. আবু জাফর সরকার, আফাজ প্রধানসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

বিএনপিতে যোগদানকারী নেতাকর্মীদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম।