ফেনীতে সেনাবাহিনীর অভিযানে খামার থেকে বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ৫:২৬ অপরাহ্ন, ১১ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৫১ অপরাহ্ন, ১১ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ফেনীতে বাংলাদেশ সেনাবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে ফেনী সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের হকদি গ্রামে একটি গরুর খামারে এ অভিযান পরিচালিত হয়।

স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনীর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানে একটি বিদেশি পিস্তল, চারটি ম্যাগাজিন এবং একটি ধারালো অস্ত্র (চুরি) উদ্ধার করা হয়।

আরও পড়ুন: দেশের ৬৪ জেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্থানীয়দের দাবি, খামারটি বদরুল আমীন নামে এক ব্যক্তির, যিনি স্থানীয়ভাবে যুবদল রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয় নিশ্চিত করা হয়নি।

ফেনীস্থ সেনাবাহিনীর ক্যাম্প ইনচার্জ মেজর শাহরিয়ার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত অস্ত্র ও অন্যান্য সামগ্রী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী মডেল থানায় হস্তান্তর করা হবে।

আরও পড়ুন: আসামি ছাড়াতে থানায় ‘মব’ সৃষ্টির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, সেনাবাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধারের বিষয়টি জেনেছি। বিস্তারিত তথ্য পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।