লন্ডনে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী সোনাগাজীর জাহাঙ্গীর ফিরোজ

Sanchoy Biswas
ইলিয়াছ সুমন
প্রকাশিত: ১০:২৭ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ২:০৩ পূর্বাহ্ন, ১৩ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাজ্যে লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনীত ও নির্বাচিত (Selected) হয়েছেন সোনাগাজীর কৃতি সন্তান জাহাঙ্গীর ফিরোজ। তাঁর এ মনোনয়নে প্রবাসী বাংলাদেশি কমিউনিটি ও নিজ জেলা ফেনীতে আনন্দ ও গর্বের অনুভূতি দেখা দিয়েছে।

জাহাঙ্গীর ফিরোজ মরহুম ইঞ্জিনিয়ার ছিদ্দিক আহমেদের দ্বিতীয় সন্তান। তাঁর পৈত্রিক নিবাস ফেনী জেলার সোনাগাজী উপজেলার সেনের খিল গ্রামে (ইঞ্জি. ছিদ্দিক আহমেদ বাড়ি), ডাকঘর কাজির হাট। গত ২৪ বছর ধরে তিনি সপরিবারে লন্ডনে বসবাস করছেন।

আরও পড়ুন: চট্টগ্রাম বন্দরে প্রশাসনিক সংস্কার: ২ বছরে মেধাভিত্তিক নিয়োগ ও পদোন্নতিতে অভূতপূর্ব সাফল্য

শিক্ষাজীবনে তিনি মঙ্গলকান্দি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। পরবর্তীতে দেশে ও বিদেশে বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জন করে শিক্ষা ও কর্মক্ষেত্রে বহুমাত্রিক অভিজ্ঞতা অর্জন করেন। শিক্ষকতা, প্রশিক্ষণ, পর্যটন, ব্যবসা, উদ্যোক্তা উন্নয়ন ও নেতৃত্ব বিষয়ে তাঁর রয়েছে দীর্ঘদিনের সম্পৃক্ততা ও দক্ষতা।

জাহাঙ্গীর ফিরোজ একাধারে কবি, লেখক, আবৃত্তিশিল্পী, ইংরেজি ও বাংলা ভাষার প্রশিক্ষক, বিজনেস কনসালট্যান্ট এবং ব্রিটিশ রাজনীতির সক্রিয় ব্যক্তিত্ব। নেতৃত্ব দর্শনের ওপর রচিত তাঁর ইংরেজি গ্রন্থ The Magic of Leadership রাজনীতিবিদ ও ব্যবসায়িক নেতাদের মধ্যে সমাদৃত হয়েছে।

আরও পড়ুন: বাঁশখালীতে বন্যাকবলিত মানুষের পাশে ‘নিরাপদ সড়ক আন্দোলন’

তিনি মানবিক সংগঠন People’s Aid International-এর চেয়ারম্যান। এ প্রতিষ্ঠানের উদ্যোগে ফেনী-সোনাগাজীসহ দেশের বিভিন্ন জেলা—ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও বগুড়া—এবং দেশের বাইরে নেপালের কাঠমান্ডু ও ভারতের কলকাতায় প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণসহ নানা মানবিক কার্যক্রম পরিচালিত হয়েছে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানবতার সেবায় বিশেষ ভূমিকা রেখে প্রশংসা কুড়িয়েছেন।

লেবার পার্টির কাউন্সিলর প্রার্থী হিসেবে তাঁর মনোনয়ন প্রবাসে বাংলাদেশিদের রাজনৈতিক সম্পৃক্ততার একটি ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে। শুভানুধ্যায়ীরা আশা প্রকাশ করেছেন, নির্বাচিত হলে তিনি স্থানীয় জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবেন।